শফিক আহমদ শফি, সিলেট: বাংলা পঞ্জিকার কার্তিক মাস প্রায় শেষের পথে। প্রকৃতিতে শীতের আগমনী বার্তা থাকার কথা থাকলেও সিলেটে এখনো অনুভূত হচ্ছে না শীতের তেমন কোনো আমেজ। সকাল-সন্ধ্যায় হালকা আবহাওয়া পরিবর্তন ছাড়া দিনের বেশির ভাগ সময়ই গরমের অনুভূতি থাকছে। ফলে শীতের পোশাকের বাজারে দেখা দিয়েছে ক্রেতার খরা। শীতকে কেন্দ্র করে আগেভাগে প্রস্তুতি নেওয়া ব্যবসায়ীরা এখন হতাশায় দিন কাটাচ্ছেন।
প্রতি বছর কার্তিক মাস থেকেই সিলেটে শীতের পোশাকের বাজার জমতে শুরু করে। নগরীর জিন্দাবাজার, বন্দরবাজার,হাসান মার্কেট, আম্বরখানা, রিকাবীবাজারসহ বিভিন্ন এলাকার ফুটপাত ও বিপণিবিতানে শীতের পোশাকের পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। সোয়েটার, জ্যাকেট, হুডি, কম্বল, চাদর ও শিশুদের গরম কাপড়ের পর্যাপ্ত সংগ্রহ রাখেন তারা। কিন্তু এবার শীতের দেখা না মেলায় প্রত্যাশিত বিক্রি হচ্ছে না।
ব্যবসায়ীরা জানান, শীতের মৌসুমকে সামনে রেখে অনেকেই আগেভাগে পাইকারি বাজার থেকে বিপুল পরিমাণ শীতের পোশাক সংগ্রহ করেছেন। দোকান ভাড়া, কর্মচারীদের বেতন ও পণ্য পরিবহন খরচসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করেছেন মোটা অঙ্কের টাকা। অথচ বাজারে ক্রেতাদের আনাগোনা থাকলেও শীতের পোশাক কেনার আগ্রহ কম। এতে পুঁজি আটকে যাওয়ার পাশাপাশি লোকসানের আশঙ্কাও বাড়ছে।
মৌসুমি ব্যবসায়ীদের অবস্থা আরও উদ্বেগজনক। ফুটপাত ও অস্থায়ী দোকানে শীতের পোশাক বিক্রি করে বছরের একটি বড় সময়ের আয় করেন তারা। শীত দেরিতে নামলে তাদের ব্যবসার মৌসুমও সংকুচিত হয়ে পড়ে। অনেকেরই সংসার চলে এই মৌসুমি ব্যবসার আয়ের ওপর নির্ভর করে।
নগরীর কয়েকজন পোশাক ব্যবসায়ী বলেন, শীতের বাজারে বিক্রির আশায় আগেভাগে পণ্য তুলেছেন তারা। কিন্তু আবহাওয়া ঠান্ডা না হওয়ায় ক্রেতারা এখনো গরম কাপড় কিনতে আসছেন না। ফলে প্রতিদিন দোকান খুলে বসে থাকলেও বিক্রি আশানুরূপ হচ্ছে না। তবে তাদের প্রত্যাশা, তাপমাত্রা কমতে শুরু করলে বাজারে ক্রেতাদের উপস্থিতি বাড়বে।
নগরীর হাসান মার্কেটের ব্যবসায়ী আব্দুল হান্নান বলেন,কার্তিক মাস শেষের দিকে হলেও এখনও দেখা মিলছে না কাঙ্ক্ষিত শীতের। প্রতি বছর এ সময়ে হালকা শীতের আমেজ শুরু হয়ে গেলেও, এবার ব্যতিক্রমী আবহাওয়ার কারণে প্রকৃতিতে এখনও গরমের ভাব রয়ে গেছে। ফলে শীতকালীন পোশাক কেনাবেচা এখন ও তেমন জমে উঠেনি। ফলে আমাদেরকে চরম হতাশায় দিন কাটাতে হচ্ছে।
নগরীর জিন্দাবাজার এলাকার ফুটপাতের ক্ষুদে কাপড় ব্যবসায়ী জামাল মিয়া বলেন, শীত না পড়ায় সিলেটে গরম কাপড়ের বাজারেও এখনো প্রত্যাশিত গতি ফিরে আসেনি। বিশেষ করে গ্রামাঞ্চল থেকে নগরীতে আসা ক্রেতাদের মধ্যে শীতের তৎপরতা নিয়ে তেমন তাড়াহুড়ো দেখা যাচ্ছে না।
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম বলেন, সিলেটে শীতের দেখা না পাওয়ায় গরম কাপড়ের ব্যবসা এখনো তেমন জমে উঠেনি। বিশেষ করে মধ্যপ্রাচ্যের অস্হিরতা ও অজানা আতংক ব্যবসায়ীদের মধ্যে প্রভাব পড়েছে।
তবে দ্রুত তাপমাত্রা কমে শীতের আমেজ ফিরবে এবং জমে উঠবে মৌসুমি বেচাকেনা অন্যথায় আগাম বিনিয়োগ করা ব্যবসায়ীদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন বলে তিনি মন্তব্য করেন।
—জা. অর্থনীতি/এনজে