Print Date & Time : 08 November 2026 Sunday 12:04 am

ব্যবসায়ীকে হত্যার হুমকি, বাড়ির গেটে বোমা সদৃশ বস্তু ও কাফনের কাপড়

image

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে এক মুদি ব্যবসায়ীর বাড়ির প্রধান ফটকে বোমা সদৃশ্য বস্তু, সাদা কাফনের কাপড় ও হত্যার হুমকির সম্বলিত চিরকুট ঝুলিয়ে আতঙ্ক সৃষ্টির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামতগুলো উদ্ধার করে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে সদর উপজেলার শিবপুর গ্রামের দক্ষিণপাড়ার মুদি ব্যবসায়ী পিন্টুর বাড়ির দরজা থেকে এগুলো উদ্ধার করা হয়। ভুক্তভোগী পিন্টু ওই এলাকার রুহুল আমিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের যে কোনো সময়ে অজ্ঞাত দুর্বৃত্তরা ব্যবসায়ী পিন্টুর বাড়ির গেটে একটি শপিং ব্যাগ ঝুলিয়ে রেখে যায়। ভোরের দিকে পিন্টুর ছোট ভাই সুমন বাড়ির প্রধান ফটকের তালা খুলে বাইরে যাওয়ার সময় ব্যাগটি দেখতে পান। শুরুতে দোকানের কোনো সদাইপত্র মনে করলেও কাছে গিয়ে ফোনের আলো জ্বেলে কাফনের কাপড়, ককটেল সদৃশ্য বস্তু ও হাতের লেখা চিরকুট দেখতে পেয়ে তিনি আঁতকে ওঠেন এবং পরিবারকে বিষয়টি জানান। পরে গ্রাম পুলিশের মাধ্যমে খবর দেওয়া হলে থানা-পুলিশ ঘটনাস্থলে আসে।

ভুক্তভোগী ব্যবসায়ী পিন্টু জানান, "কারো সঙ্গে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা বা বিরোধ নেই। কেন এবং কী উদ্দেশ্যে দুর্বৃত্তরা এমন কাজ করল, বুঝতে পারছি না।" তিনি আরও জানান, চিরকুটে তার স্ত্রী-সন্তানকে প্রাণনাশের হুমকি দিয়ে ১০ দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে এবং তাকে মুদি ব্যবসার বাইরে অন্য কোনো ব্যবসা করতে নিষেধ করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে রামদাসপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ রিকাবুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ অত্যন্ত সতর্কতার সঙ্গে বোমা সদৃশ্য বস্তু, কাফনের কাপড় ও হুমকির চিরকুটটি জব্দ করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামতগুলো জব্দ করা হয়েছে। এই জঘন্য কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে কঠোর আইনের আওতায় আনা হবে।  

—জা. অর্থনীতি/এলএটি