Print Date & Time : 08 November 2026 Sunday 12:41 am

মাদকের প্রতিবাদ করায় পুলিশ সদস্যের রগ কাটার অভিযোগ

image

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় আবুল কালাম নামের পুলিশের এক কনস্টেবলের ওপর পৈশাচিক হামলা চালিয়ে হাত-পা ভেঙে ও পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা গেছে, পুলিশ সদস্য আবুল কালাম দীর্ঘদিন ধরেই মাসাবো এলাকায় মাদক কারবারের বিরুদ্ধে অত্যন্ত সোচ্চার ছিলেন। সম্প্রতি তিনি শাহাদাত ও এমদাদুল নামের স্থানীয় দুই মাদক কারবারিকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিলেন। এর পর থেকেই শাহাদাতের ছোট ভাই মাদক কারবারি শাহজালাল পুলিশ সদস্য কালামের ওপর চরম ক্ষুব্ধ হয়ে ওঠে এবং তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল।

পূর্বপরিকল্পনা অনুযায়ী, ঘটনার রাতে অভিযুক্ত শাহজালাল মোবাইল ফোনে কল করে পুলিশ সদস্য আবুল কালামকে বাসা থেকে ডেকে বাইরে নিয়ে যায়। পরে তাকে উত্তর মাসাবো এলাকার একটি নির্জন বিলে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা শাহজালাল ও তার ১০-১৫ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল কালামের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে বেধড়ক পিটিয়ে হাত-পা ভেঙে দেয় এবং একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার পায়ের রগ কেটে দেয়। কালামের তীব্র চিৎকার ও গোঙানি শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়। এই নৃশংস হামলার ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলেই দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।  

—জা. অর্থনীতি/এলএটি