জাতীয় অর্থনীতি আন্তর্জাতিক: ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মরিশাসে কর্মস্থলে দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।
কনটেইনার থেকে কাচের প্যানেলভর্তি একটি ভারী বাক্স নামানোর সময় সেটি উল্টে শ্রমিকদের ওপর পড়ে। এতে বাক্স ও কাচের প্যানেলের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে দেশটির উত্তরাঞ্চলের প্লেইন-দে-পাপাইয়েস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তিন বাংলাদেশি হলেন মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বেলাল (৩৭) এবং সিকদার জুবায়েদ ইসলাম (২৫)।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, প্লেইন-দে-পাপাইয়েস এলাকার মসজিদ রোডে অবস্থিত একটি প্রতিষ্ঠানের চত্বরে শ্রমিকরা কনটেইনার থেকে কাচের প্যানেল নামানোর কাজ করছিলেন। এ সময় ৪১টি কাচের প্যানেল রাখা একটি বড় ও ভারী বাক্স কনটেইনার থেকে নামানোর চেষ্টা করা হচ্ছিল।
প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, বাক্সটিতে থাকা প্রতিটি কাচের প্যানেলের দৈর্ঘ্য ছিল ছয় ফুট এবং প্রস্থ আট ফুট। শ্রমিকরা সম্মিলিতভাবে বাক্সটি নামানোর কাজে নিয়োজিত ছিলেন। একপর্যায়ে ভারসাম্য হারিয়ে ভারী বাক্সটি হঠাৎ উল্টে তাদের ওপর আছড়ে পড়ে। মুহূর্তের মধ্যেই তিন শ্রমিক বাক্স ও কাচের প্যানেলের নিচে আটকা পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে প্লেইন-দে-পাপাইয়েস পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। কীভাবে ভারী বাক্সটি উল্টে শ্রমিকদের ওপর পড়ল এবং দুর্ঘটনার পেছনে কোনো অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখতে প্রাথমিক অনুসন্ধান চালানো হচ্ছে।
পরে মরিশাস ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। তারা ভারী বাক্স ও কাচের প্যানেলের নিচ থেকে তিন বাংলাদেশি শ্রমিকের মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহগুলো স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কর্মস্থলে এমন মর্মান্তিক দুর্ঘটনায় তিন বাংলাদেশির প্রাণহানির ঘটনায় স্থানীয় প্রবাসী শ্রমিকদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে। তবে দুর্ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত এবং নিহতদের মরদেহ দেশে পাঠানোর বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সূত্র: ল্য ডেফি মিডিয়া।
—জা. অর্থনীতি/এএইচএ