Print Date & Time : 08 November 2026 Sunday 04:16 am

নতুন কুঁড়ির সাফল্যে বিকেএসপিতে বরিশালের সাইফা

image

বরিশাল প্রতিনিধি: তৃণমূল পর্যায় থেকে উদীয়মান ক্রীড়াপ্রতিভা তুলে আনার বিশেষ উদ্যোগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম আসরে দারুণ সাফল্য অর্জন করে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) স্থায়ীভাবে ভর্তির সুযোগ পেয়েছেন বরিশালের কৃতি কন্যা সাইফা আক্তার আলিফা। প্রথম আসরে বাছাই করা সেরা ৪০ জন প্রতিভাবান খেলোয়াড়ের তালিকায় স্থান করে নিয়েছেন তিনি। এই বাছাইকৃত খেলোয়াড়দের আগামী জানুয়ারি থেকে বিকেএসপিতে ভর্তি করা হবে এবং তাদের পড়াশোনা ও খেলাধুলার যাবতীয় ব্যয়ভার বহন করবে সরকার।

সাইফার এমন সাফল্যে আনন্দে ভাসছে পুরো বরিশালবাসী।

সাইফা আক্তার আলিফা বরিশাল নগরীর ১১ নম্বর ওয়ার্ডের চাঁদমারি মাদ্রাসা সড়কের বাসিন্দা জাহিদ হাসানের বড় মেয়ে। তিনি স্থানীয় ব্যাপ্টিস্ট মিশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি বরিশাল কারাতে-দো একাডেমির ‘লোকমান হাওলাদার (সেন্সি) ক্লাবে’ তিনি নিয়মিত কারাতে প্রশিক্ষণ নিচ্ছেন।

মধ্যবিত্ত পরিবারের সন্তান আলিফার ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি ছিল প্রবল আগ্রহ। লেখাপড়ার পাশাপাশি অবসর সময়ে কঠোর অনুশীলন চালিয়ে কারাতেতে নিজেকে একজন সম্ভাবনাময় খেলোয়াড় হিসেবে গড়ে তোলেন তিনি। মেয়ের এই স্বপ্ন ও প্রতিভাকে শুরু থেকেই সর্বাত্মক উৎসাহ দিয়ে আসছেন তার বাবা-মা।

‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম আসরে নিজের অসাধারণ দক্ষতা প্রদর্শন করে সেরা ৪০ জনের তালিকায় জায়গা করে নেন আলিফা। বিকেএসপির মতো দেশের শীর্ষস্থানীয় ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে নিবিড় প্রশিক্ষণ ও উচ্চশিক্ষার সুযোগ পেয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন এখন আরও দৃঢ় হয়েছে তার। সংশ্লিষ্টদের মতে, বরিশালের উদীয়মান এই ক্রীড়াবিদের অর্জন এলাকার অন্যান্য মেয়েকেও খেলাধুলায় এগিয়ে আসতে গভীরভাবে অনুপ্রাণিত করবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম আসরে নির্বাচিত সেরা ৪০ জন উদীয়মান ক্রীড়াবিদের হাতে আনুষ্ঠানিকভাবে বিকেএসপিতে স্থায়ী ভর্তির সম্মতিপত্র তুলে দেওয়া হয়।

—জা. অর্থনীতি/এলএটি