Print Date & Time : 08 November 2026 Sunday 01:14 am

কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন জাবি উপাচার্য

image

জাবি প্রতিনিধি: জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশ্বমঞ্চ ‘কনফারেন্স অব দ্য পার্টিজ’-এর ৩১তম বার্ষিক অধিবেশনে (COP31) যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।

শনিবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের গত ৩ নভেম্বরের একটি বিশেষ চিঠির মাধ্যমে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলামকে এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের জন্য সরকারিভাবে মনোনয়ন দেওয়া হয়। সেই আমন্ত্রণ ও সরকারি আদেশের প্রেক্ষিতে তিনি শনিবারই তুরস্কের উদ্দেশে রওনা হন। সম্মেলনে অংশগ্রহণ শেষে যাতায়াতের সময়সহ আগামী ১৯ নভেম্বর পর্যন্ত তার তুরস্কে অবস্থানের কথা রয়েছে।

এদিকে উপাচার্যের এই বিদেশ সফরকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম গতিশীল রাখার স্বার্থে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম নিজ দায়িত্বের পাশাপাশি উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  

—জা. অর্থনীতি/এলএটি