Print Date & Time : 07 November 2026 Saturday 11:46 pm

এইচএসসি ২০২৬: ১০ লাখ ৩৭ হাজার উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন

image

অনলাইন ডেস্ক: ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রত্যাশিত ফল না হওয়ায় পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছেন ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী। তারা মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি উত্তরপত্র (বিষয়) পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়ন চেয়েছেন।

পূর্বঘোষণা অনুযায়ী শনিবার (৭ নভেম্বর) পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়ন আবেদনের শেষ সময় ছিল। তবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান জানান, পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদনের সময় বাড়ানো হয়েছে। আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত আবেদন করা যাবে।

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলে বড় ধরনের অবনতি হয়েছে। ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষায় ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। এবার প্রায় অর্ধেক পরীক্ষার্থী পাস করতে পারেননি।

পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য আবেদনও করেছেন বিপুলসংখ্যক পরীক্ষার্থী। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, কর্তৃপক্ষ পুনর্মূল্যায়নের বিষয়টি ইতিবাচকভাবে দেখছে। এ জন্যই সময় বাড়ানো হয়েছে, যাতে আগ্রহী কোনো শিক্ষার্থী বাদ না পড়ে।

—জা.অর্থনীতি/আইবিএম