Print Date & Time : 07 November 2026 Saturday 08:47 am

ইনস্টাগ্রামে রিল দেখলেই মিলবে টাকা!

image

আন্তর্জাতিক ডেস্ক: সারাক্ষণ ইনস্টাগ্রামে রিল দেখেন? যে অভ্যাসকে অনেকেই সময়ের অপচয় মনে করেন, সেটিই হতে পারে আয়ের উৎস। ইনস্টাগ্রামে কী ট্রেন্ড চলছে, কোন ভিডিও ভাইরাল হচ্ছে, সেসব পর্যবেক্ষণের জন্য কর্মী নিয়োগ দিতে চায় ভারতের রাজস্থানের উদয়পুরের একটি সংস্থা।

দীপাবলি উপলক্ষে ব্যতিক্রমী এই চাকরির সুযোগের ঘোষণা দিয়েছে সংস্থাটি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে ভিডিওটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, একদল তরুণ-তরুণীর সামনে এক ব্যক্তি চাকরির বিষয়টি ঘোষণা করছেন। তিনি জানান, যারা ইনস্টাগ্রাম ব্যবহার করতে ভালোবাসেন, তাদের এই কাজের জন্য অর্থ দেওয়া হবে। সংস্থাটি এমন একজন ‘ডুমস্ক্রোলার’ খুঁজছে, যিনি দিনের বড় একটি সময় রিল দেখবেন এবং ইনস্টাগ্রামে কোন বিষয়গুলো আলোচনায় রয়েছে কিংবা কী ভাইরাল হচ্ছে, সেসব তথ্য সংস্থাকে জানাবেন।

চাকরিটিতে আগ্রহীদের ভিডিওটির মন্তব্যের ঘরে ‘হাই’ লিখে আবেদন জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। উদয়পুরের বাসিন্দাদের সরাসরি বার্তার মাধ্যমে আবেদন করার লিংক পাঠানো হবে বলেও জানানো হয়েছে।

‘গ্যাংসঅফস্টার্টআপ’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে গত ৪ নভেম্বর ভিডিওটি প্রকাশ করা হয়। ইতিমধ্যে কয়েক লাখবার দেখা হয়েছে এটি। সংস্থার দাবি, চাকরির আবেদনপত্রের লিংক পেতে ১১ হাজারের বেশি মানুষ অনুরোধ জানিয়েছেন।

ব্যতিক্রমী এই চাকরির প্রস্তাব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা প্রতিক্রিয়া। অনেকে একে ‘স্বপ্নের চাকরি’ বলে মন্তব্য করেছেন।

জা.অর্থনীতি/এসআই