Print Date & Time : 07 November 2026 Saturday 02:01 pm

জামালপুরে ট্রাকচাপায় নিহতের সংখ্যা বেড়ে ৪

image

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে ট্রাকচাপায় নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একই পরিবারের ৩ জন সদস্য রয়েছে। তারা হলেন- মোরশেদ আলম (২৫), তার স্ত্রী ইকরামা (২৩) ও তাদের ৮ মাস বয়সী শিশুসন্তান রিফা। নিহত অপরজন হলেন মেলান্দহ উপজেলার শাহজাদপুর এলাকার বরকত আলী ভূইয়ার ছেলে শওকত হাসান লিখন (৪৫)।

স্থানীয়রা জানান, সকালে মেলান্দহের শিমুলতলী এলাকা থেকে একটি অটোরিকশা জামালপুরের দিকে যাচ্ছিল। অন্যদিকে জামালপুর থেকে মেলান্দহের দিকে যাচ্ছিল একটি মোটরসাইকেল। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক প্রথমে মোটরসাইকেলটিকে চাপা দেয়। পরে ট্রাকটি অটোরিকশাটিকে চাপা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা একই পরিবারের ৩ জন নিহত হন। আহত হন মোটরসাইকেলের আরোহী ও অটোরিকশার চালকসহ ২ জন। 

দুর্ঘটনায় মোরশেদ আলম ঘটনাস্থলেই মারা যান। তার স্ত্রী ও শিশুসন্তানকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়। পরে অটোরিকশাচালক ও মোটরসাইকেল আরোহীসহ ৩ জনকে উদ্ধার করে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মোটরসাইকেল আরোহী লিখন আকন্দ মারা যান।

এদিকে দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা মেলান্দহের মালঞ্চ এলাকায় সেটি আটক করেন। তবে ট্রাকের চালক পালিয়ে গেছেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ ৪ জনের মৃত্যু খবর নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটিকে স্থানীয়রা আটক করেছেন। তবে চালক পালিয়ে গেছেন। তাকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

—জা.অর্থনীতি/এনজে