Print Date & Time : 07 November 2026 Saturday 06:14 pm

‘মিনিংফুল বিজনেস ১০০’ তালিকায় বাংলাদেশের প্রিয়শপ

image

প্রযুক্তি ডেস্ক: ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি সামাজিক প্রভাব রাখার স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের মর্যাদাপূর্ণ বৈশ্বিক ‘মিনিংফুল বিজনেস ১০০’ তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশের প্রযুক্তিনির্ভর রিটেইল ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম ‘প্রিয়শপ’।

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) দুটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র—‘মর্যাদাপূর্ণ কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি’ এবং ‘শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো’তে অবদান রাখায় প্রতিষ্ঠানটিকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।

প্রযুক্তিনির্ভর কমার্স ও এমবেডেড ফাইন্যান্স ইকোসিস্টেম গড়ে তোলার মাধ্যমে মুদি দোকানি, ব্র্যান্ড ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এক প্ল্যাটফর্মে যুক্ত করছে প্রিয়শপ। এর ফলে খুচরা সরবরাহব্যবস্থায় দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পণ্য ও আর্থিক সেবার প্রবেশাধিকার সহজ হয়েছে।

বিশ্বজুড়ে ইতিবাচক সামাজিক পরিবর্তন আনয়নকারী উদ্যোক্তা ও প্রতিষ্ঠানগুলোকে সম্মানিত করতে আয়োজিত হয় এই এমবি১০০-এর আসর। ২০২৬ সালের এই তালিকায় ৩০টির বেশি দেশ থেকে জমা পড়া ৯০০-এর বেশি মনোনয়ন থেকে সমতা, উদ্ভাবন, নেতৃত্ব এবং কার্যক্রমের প্রভাব বিবেচনা করে বিজয়ীদের নির্বাচন করা হয়।

দেশের ৫০ লাখের বেশি খুচরা দোকানিকে সেবার আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ করছে প্রিয়শপ। সঠিক সময়ে পণ্য সরবরাহ এবং চলতি মূলধনের সুবিধা এক প্ল্যাটফর্মে এনে ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনা সহজ করছে প্রতিষ্ঠানটি।

এই অর্জন সম্পর্কে প্রিয়শপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আশিকুল আলম খাঁন বলেন, “শুরু থেকেই আমরা বিশ্বাস করেছি, অবহেলিত বাজারের সমস্যাগুলোর সমাধান করতে পারলে অর্থনৈতিক মূল্যের পাশাপাশি দীর্ঘমেয়াদি সামাজিক প্রভাব তৈরি করা সম্ভব। এই স্বীকৃতি আমাদের সেই বিশ্বাসের এবং আমাদের টিম, অংশীদার ও খুচরা বিক্রেতাদের আস্থারই প্রতিফলন।”

এমবি১০০ তালিকায় স্থান পাওয়া প্রতিষ্ঠানগুলো সম্মাননার পাশাপাশি বছরজুড়ে বৈশ্বিক উদ্যোক্তা নেটওয়ার্ক, বিনিয়োগের সুযোগ এবং পেশাদার সহায়তার সুযোগ লাভ করে। স্থানীয় বাজারের সমস্যা সমাধানে প্রযুক্তি ও উদ্ভাবনী মডেলের মাধ্যমে বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানের এমন আন্তর্জাতিক স্বীকৃতি দেশের পুরো প্রযুক্তি ও খুচরা ব্যবসা খাতের জন্যই এক বড় অর্জন।