আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন এক তারকার উত্থান ঘটেছে। জর্জিয়া থেকে দ্বিতীয়বারের মতো সিনেটে জয়ী হয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ডেমোক্র্যাট নেতা জন অসফ। তার বাগ্মিতা, ব্যক্তিত্ব ও রাজনৈতিক দূরদর্শিতায় সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ছায়া দেখছেন অনেকেই। এমনকি ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তাঁকে সম্ভাব্য প্রার্থী হিসেবেও বিবেচনা করা হচ্ছে।
২০২১ সালে মাত্র ৩৩ বছর বয়সে জর্জিয়া থেকে প্রথমবার সিনেটর নির্বাচিত হন জন। অল্প ব্যবধানে জয় পাওয়ায় তখন তাকে ‘অ্যাক্সিডেন্টাল সিনেটর’ বলে কটাক্ষ করা হয়েছিল। তবে ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে প্রায় ৬০ শতাংশ ভোট পেয়ে আসন ধরে রেখে সমালোচকদের জবাব দিয়েছেন তিনি।
১৯৮৭ সালে আটলান্টায় জন্ম নেওয়া জনের মা অস্ট্রেলীয় অভিবাসী এবং বাবা বেলারুশের ইহুদি পরিবারের সন্তান। জর্জটাউন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষে লন্ডন স্কুল অব ইকোনমিকসে উচ্চশিক্ষা নেন তিনি। পরে অনুসন্ধানী সাংবাদিকতা ও তথ্যচিত্র নির্মাণের কাজ করেন।
কৈশোর থেকেই রাজনীতিতে আগ্রহী জন ১৭ বছর বয়সে কংগ্রেস সদস্য জন লুইসের সঙ্গে কাজের সুযোগ পান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচক তিনি।
নির্বাচনে জয়ের পর ট্রাম্পকে ব্যর্থ ও অযোগ্য আখ্যা দেন জন। তাঁর বক্তব্য ও নেতৃত্বের ধরনে ওবামার সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন সমর্থকেরা। খোদ ওবামাও নির্বাচনের আগে জনের প্রশংসা করেছিলেন। ফলে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে তাঁকে নিয়ে জল্পনা ক্রমেই বাড়ছে।
জা.অর্থনীতি/এসআই