Print Date & Time : 08 November 2026 Sunday 01:05 pm

চাঁদপুরে সাবেক কাউন্সিলর আল আমিনসহ গ্রেপ্তার ১২

image

অনলাইন ডেস্ক: চাঁদপুরের মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযানে ছেংগারচর পৌরসভার সাবেক কাউন্সিলর আল আমিন সরকারসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১২ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

শনিবার (৭ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া। তিনি জানান, শুক্রবার দিনভর উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং ছেংগারচর পৌরসভার বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ছেংগারচর পৌরসভার তালতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয় পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর আল আমিন সরকারকে। একই দিনে পৃথক অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অন্যদের মধ্যে রয়েছেন জেলা ছাত্রলীগের সহসভাপতি নুরনবী খান, আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য দেলোয়ার মল্লিক, ছেংগারচর পৌর শ্রমিক লীগের সভাপতি সিরাজ সরকার, আওয়ামী লীগ নেতা বারেক ভূঁইয়া, যুবলীগ নেতা আবু ইউসুফ ও নহির উদ্দিন।

এ ছাড়া শ্রমিক লীগ নেতা গোলাম মোস্তফা ও কামরুল হাসান, রুবেল সরকার এবং আনোয়ার হোসেনসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি মানস বড়ুয়া জানান, পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

জা.অর্থনীতি/এসআই