ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানও ভাঙচুর করা হয়।
রোববার (৮ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার দপদপিয়া ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনিয়ে নেওয়া ওই নেতার নাম মো. সিরাজ মোল্লা। তিনি দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও ইউপি সদস্য।
বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান সোহাগ জানান, সিরাজ মোল্লার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আজ দুপুরে পুলিশের একটি দল দপদপিয়া ফেরিঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে নিয়ে যাওয়ার সময় তার ৩ ভাইসহ স্থানীয় কয়েকজন পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেন। এ সময় পুলিশের পিকআপ ভ্যানটি ভাঙচুর করা হয়। হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
ওসি আরও বলেন, তাকে পুনরায় গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।
—জা. অর্থনীতি/এনজে