চলচ্চিত্র পরিচালক হিসেবে মেজবাউর রহমান সুমনের অভিষেক হয় ‘হাওয়া’ চলচ্চিত্র দিয়ে। প্রথম ছবিতেই অভাবনীয় সাফল্য পান তিনি। ‘হাওয়া’-এর সফলতার চার বছর পর নতুন সিনেমা নিয়ে আসছেন সুমন। নাম ‘রইদ’। ঈদুল আজহায় সিনেমাটি মুক্তির ঘোষণা দিলেন পরিচালক। সেই সঙ্গে প্রকাশ করলেন ‘রইদ’-এর প্রথম গান। আন্তর্জাতিকভাবে বিভিন্ন ফেস্টিভ্যালে প্রদর্শনের পর এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘রইদ’।
সিনেমাটি মুক্তির আগে প্রচারণার অংশ হিসেবে পহেলা বৈশাখ উপলক্ষে গতকাল সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় মুক্তি পেয়েছে এর প্রথম গান ‘রইদে আইলা গা জুড়াইতে’। রাজধানীর নিকেতনে ফেসকার্ড প্রোডাকশনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সিনেমাটির প্রথম গান প্রকাশের ঘোষণা আসে। একই সঙ্গে জানানো হয় মুক্তির তারিখও। গানটিতে গ্রামবাংলার শেকড়সন্ধানী সুর ও ভিন্নধর্মী গায়কীর আবহ দেখতে পাচ্ছেন দর্শকরা। এটির কথা, মৌলিক সুর ও কণ্ঠ দিয়েছেন শিল্পী রাজীব আহমেদ রাজু। সংগীত পরিচালনা করেছেন রাশিদ শরীফ শোয়েব।
এ প্রসঙ্গে চলচ্চিত্রটির পরিচালক মেজবাউর রহমান সুমন বলেন, ‘রইদ’ মূলত সাধু ও তার পাগল স্ত্রীর সম্পর্কের এক সরল অথচ গভীর আখ্যান, যা প্রেম ও নীরবতার মাধ্যমে মানব বিবর্তনের সেই চিরন্তন আদিম প্রেমকে তুলে ধরে। দর্শকরা ‘হাওয়া’ সিনেমাটি পছন্দ করেছিলো। হয়তো ‘রইদ’ আরও বেশি পছন্দ করতে পারে। আবার আরও বেশি অপছন্দও করতে পারে। তবে, আমি আমার ভালো লাগার জায়গা থেকে গল্প দেখানোর চেষ্টা করেছি।’
ঈদুল আজহায় ‘রইদ’-এর মুক্তি প্রসঙ্গে পরিচালক সুমন বলেন, ‘ঈদের তিন সপ্তাহ পর সিনেমাটি মুক্তির প্ল্যান ছিলো। কিন্তু তখন অনেকটা ফুটবল বিশ্বকাপের আমেজ চলে আসবে। এ কারণে, আমরা ঈদে মুক্তির পরিকল্পনা করেছি। ‘রইদ’ এর গল্পটি দর্শকদের অনুভূতির গভীরে দাগ কাটবে ও আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে তাদের অকৃত্রিম ভালোবাসা অর্জন করতে সক্ষম হবে।’
রইদের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা নাজিফা তুষি বলেন, ‘হাওয়ার’ মতো এই সিনেমার জার্নিটিও আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে।’
প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গর পক্ষ থেকে প্রযোজক মুশফিকুর রহমান বলেন, ‘সুমনের মতো একজন দুর্দান্ত নির্মাতার এই সৃজনশীল যাত্রায় সঙ্গী হতে পেরে বঙ্গ পরিবার গর্বিত। এটি কেবল একটি সিনেমা নয়, বাংলা চলচ্চিত্রের জন্য একটি নতুন অধ্যায়। আসন্ন ঈদুল আজহায় দেশব্যাপী ‘রইদ’ এর দুর্দান্ত সাফল্য কামনা করছি।’
—জা. অর্থনীতি/এনএ