বুথফেরত জরিপ: আসামে নিরঙ্কুশ জয়ের পথে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আসাম রাজ্যে বিধানসভা নির্বাচনের বুথফেরত জরিপ অনুযায়ী, পুনরায় সরকার গঠন করতে যাচ্ছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)। গত ৯ এপ্রিল অনুষ্ঠিত এই নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিভিন্ন পর্যবেক্ষক সংস্থা তাদের সম্ভাব্য ফলাফলের পূর্বাভাস দিতে শুরু করেছে। বুধবার পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার ভোট শেষ হওয়ার পরপরই আসামের এই প্রাথমিক জরিপগুলো প্রকাশ করা হয়, যা বিজেপি শিবিরের জন্য বড় ধরনের স্বস্তির বার্তা নিয়ে এসেছে।

প্রভাবশালী নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ‘এক্সিস মাই ইন্ডিয়া’-র তথ্যমতে, আসামের ১২৬টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। তাদের জরিপ অনুযায়ী, জোটটি ৮৮ থেকে ১০০টি আসনে জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতৃত্বাধীন জোট মাত্র ২৪ থেকে ৩৬টি আসনে সীমাবদ্ধ থাকতে পারে। এ ছাড়া নির্দলীয় ও অন্যান্য দলগুলো সর্বোচ্চ তিনটি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জরিপের এই ফলাফল যদি বাস্তবে রূপ নেয়, তবে আসামের বর্তমান মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা পুনরায় দায়িত্বভার গ্রহণ করবেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, হিমান্তের বলিষ্ঠ নেতৃত্ব এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কারণেই ভোটাররা পুনরায় বিজেপির ওপর আস্থা রাখতে যাচ্ছেন। যদিও বুথফেরত জরিপ সবসময় চূড়ান্ত ফলাফলের সাথে পুরোপুরি নাও মিলতে পারে, তবে অধিকাংশ পর্যবেক্ষক দলগুলোর তথ্য এবার বিজেপির বড় জয়ের দিকেই স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।

আসামের ১২৬টি আসনের এই নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের জন্য যেকোনো দল বা জোটকে অন্তত ৬৪টি আসনে জয়লাভ করতে হয়। বুথফেরত জরিপের তথ্যগুলো সঠিক হলে বিজেপি ও এর মিত্ররা প্রয়োজনীয় ম্যাজিক ফিগারের চেয়ে অনেক বেশি আসন নিয়ে শক্তিশালী অবস্থানে থাকবে। গত ৯ এপ্রিল রাজ্যে এক দফায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছিল। ভারতের নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ৪ মে ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে এই নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। তখনই নিশ্চিত হবে আসামের শাসনভার আগামী পাঁচ বছরের জন্য কাদের হাতে থাকছে।

জেএ/অভি