রাজীব সরকার, নেত্রকোণা: নেত্রকোণায় ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বাড়ছে নদ-নদীর পানি। ইতোমধ্যে জেলার হাওর ও নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। পানিতে তলিয়ে যাচ্ছে হাওরাঞ্চলের কাঁচা-পাকা বোরো ধান।
নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টা থেকে বুধবার (২৯ এপ্রিল) ৯টা পর্যন্ত মৌসুমের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে জেলায়।
বৃষ্টি ও পাহাড়ি ঢলে কংস নদের জারিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ৯৩ সেন্টিমিটার, কলমাকান্দা পয়েন্টে উপদাখালী নদীর পানি ৬০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও অন্যান্য নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন জানান, জেলা ছাড়াও ভারতের চেরাপুঞ্জি, সিলেট, সুনামগঞ্জসহ বিভিন্ন স্থানে প্রচুর বৃষ্টি হচ্ছে। আগামী ৩ দিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে পানি আরও বেড়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান জানিয়েছেন, হাওরাঞ্চলের ৬২ শতাংশের বেশি বোরো ধান কাটা হয়েছে। বন্যা ও দুর্যোগ মোকাবেলায় উপজেলা প্রশাসনগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
