আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে অবৈধ অভিবাসী ও শ্রম আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আবারও বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির সরকার। মাত্র এক সপ্তাহে দেশজুড়ে পরিচালিত বিশেষ অভিযানে ১১ হাজার ১৭৫ জনকে আটক করেছে সৌদি কর্তৃপক্ষ। গালফ নিউজের খবর।
রোববার (১০ মে) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ৩০ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয়ে এই অভিযান পরিচালনা করা হয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে ৬ হাজার ১৫৩ জন আবাসন আইন, ৩ হাজার ৬১৯ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ১ হাজার ৪০৩ জন শ্রম আইন ভঙ্গ করেছেন।
এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে প্রবেশের সময় ১ হাজার ৪১১ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৬২ শতাংশ ইথিওপিয়ার এবং ৩৬ শতাংশ ইয়েমেনের নাগরিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একই সময়ে অবৈধভাবে সৌদি ত্যাগের চেষ্টা করায় আরও ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে ইতোমধ্যে ১১ হাজার ২৭২ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। বাকিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। কেউ কেউ নিজ দেশের দূতাবাসের মাধ্যমে ভ্রমণসংক্রান্ত নথি সংগ্রহের প্রক্রিয়ায় রয়েছেন।
শুধু অবৈধ অভিবাসীদেরই নয়, তাদের সহযোগিতা করার অভিযোগে ১৯ জনকেও আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযোগ রয়েছে, তারা অবৈধ অভিবাসীদের আশ্রয়, পরিবহন কিংবা চাকরির সুযোগ করে দিয়েছিলেন।
এ বিষয়ে কঠোর বার্তা দিয়েছে সৌদি সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধভাবে অবস্থানকারীদের সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার মুখোমুখি হতে হতে পারে। একই সঙ্গে সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে তথ্য দিয়ে কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে সাধারণ নাগরিকদের প্রতি।
দেশটির সরকার বলছে, অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার এবং শ্রমবাজারে শৃঙ্খলা বজায় রাখতেই এ ধরনের অভিযান নিয়মিত চালানো হচ্ছে।
—জা. অর্থনীতি/এআইই