আটকে গেলো মৌসুমীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’

বিনোদন প্রতিবেদক: ঢাকাই চলচ্চিত্রের ‘প্রিয়দর্শিনী’ খ্যাত জনপ্রিয় চিত্রনায়িকা আরিফা পারভিন জামান মৌসুমী অভিনীত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামক সিনেমাটি নিয়ে কম জল ঘোলা হয়নি। শেষ পর্যন্ত প্রেক্ষাগৃহে মুক্তির আগেই আটকে গেলো ‘কন্ট্রাক্ট ম্যারেজ’। বিতর্কিত এ সিনেমার সেন্সর বাতিল করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। 

একজন অভিনেত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি। 

বুধবার (১৩ মে) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে মাসুমা রহমান বলেন, ‘সিনেমার একজন সহ-অভিনেত্রীর অভিযোগেই ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সর বাতিল করা হয়েছে।’ অন্যদিকে, ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা মুক্তি ইস্যুতে প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে যাবেন বলে জানিয়েছেন অভিনেতা ও নির্মাতা হাসান জাহাঙ্গীর। ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার সেন্সর সনদ বাতিলের ঘটনায় এমন কথা বলেছেন তিনি। 

জানা যায়, দুই বছর আগে যুক্তরাষ্ট্রে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামে একটি প্রজেক্টে কাজ করেন অভিনেত্রী মৌসুমী। শুরুতে নাটক ও পরে টেলিফিল্ম হিসেবে নির্মিত হলেও শেষ পর্যন্ত সিনেমা হিসেবে মুক্তি পেতে যাচ্ছিল এটি। সেন্সরবোর্ডের অনুমতিতে আগামীকাল ১৫ মে দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবার কথা ছিলো সিনেমাটির। কিন্তু অভিনেত্রী জেবা জান্নাতের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে সিনেমা মুক্তির সেন্সর সাময়িকভাবে বাতিল করেছে বোর্ড। 

এ প্রসঙ্গে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপ-পরিচালক মঈন উদ্দিন সংবাদ মাধ্যমকে বলেন বলেন, ‘কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমটির সার্টিফিকেশন সাময়িকভাবে বাতিল করা হয়েছে।’ 

নাটক বা টেলিফিল্মের পরিবর্তে এটি সিনেমা হিসেবে মুক্তি পাচ্ছে দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ময় প্রকাশ করেছেন মৌসুমীও। 

এদিকে, পরিচালক হাসান জাহাঙ্গীর সংবাদ মাধ্যমে বলেন, ‘এই বিষয়ে আমি কোনো চিঠি এখনো পাইনি। সেন্সর স্থগিতের চিঠি পেলে কথা বলতে পারবো। এমন কিছু হলে আমি হাইকোর্টে রিট করবো। যতদূর যাওয়া যায়, যাবো। এত সহজেই একটা সিনেমার সেন্সর বাতিল করা খুব অন্যায়।’ 

পরিচালনার পাশাপাশি ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন হাসান জাহাঙ্গীর। তার সহ-শিল্পী হিসেবে রয়েছেন চিত্রনায়িকা মৌসুমী, জেবা জান্নাতসহ অনেক তারকারা। 

—জা. অর্থনীতি/এনএ