স্পোর্টস ডেস্ক: কলম্বিয়ান পপ তারকা শাকিরা সপ্তাহখানেক আগেই এক মিনিট সাত সেকেন্ডের টিজারে নতুন চমক দেখিয়েছিলেন। এবার ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়াম–এ মঞ্চস্থ হওয়া ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’ প্রকাশ পেয়েছে বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে। গানটিতে শাকিরার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নাইজেরিয়ান শিল্পী বার্না বয়।
শুক্রবার (১৫ মে) আনুষ্ঠানিকভাবে গানটি প্রকাশের ঘোষণা দেয় ফিফা। সংস্থাটি জানিয়েছে, গান থেকে পাওয়া রয়্যালটির অর্থ জমা হবে তাদের গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে। বিশ্বকাপ শেষে এই তহবিলে ১০ কোটি ডলার সংগ্রহের লক্ষ্য রয়েছে ফিফার। এই অর্থ বিশ্বের বিভিন্ন দেশের শিশুদের মানসম্মত শিক্ষা ও ফুটবলে অংশ নেওয়ার সুযোগ তৈরিতে ব্যয় করা হবে।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আসর। আগামী ১১ জুন শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ১৯ জুলাই পর্যন্ত। ফিফা আরও জানিয়েছে, নিউ জার্সিতে অনুষ্ঠেয় ফাইনালের হাফটাইম শোতে পারফর্ম করবেন ম্যাডোনা, শাকিরা এবং কোরিয়ান পপ ব্যান্ড বিটিএস। এর আগে সমর্থকদের উচ্ছ্বাসে মাতাবে ৩ মিনিট ৪৫ সেকেন্ড দৈর্ঘ্যের ‘দাই দাই’।
বিশ্বকাপের মঞ্চে শাকিরা অবশ্য নতুন নন। ২০১০ বিশ্বকাপের বহুল জনপ্রিয় থিম সং ওয়াকা ওয়াকা-এর মূল শিল্পী ছিলেন তিনি। এছাড়া ২০০৬ ও ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালেও পারফর্ম করতে দেখা গেছে তাকে।
—জা. অর্থনীতি/এআইই
