প্রেমিককে নিয়ে পালানোর পরিকল্পনা, বাবার বাড়িতে ডাকাতি করালেন মেয়ে

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের মুরাদাবাদে এক পিতল ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। এই ঘটনায় ব্যবসায়ীর মেয়েই জড়িত বলে অভিযোগ উঠেছে। প্রেমিকের সঙ্গে নতুন জীবন শুরু করার পরিকল্পনা থেকেই তিনি ডাকাতির ছক কষেছিলেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ব্যবসায়ী মোহাম্মদ ইমরানের মেয়ে আরিবা, তাঁর প্রেমিক আরশাদ ওয়ারসি এবং আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১১ মে ভোরে মুরাদাবাদের পরিচিত পিতল ব্যবসায়ী মোহাম্মদ ইমরানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ভোর চারটার দিকে একদল সশস্ত্র ব্যক্তি বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তারা প্রায় ১ কোটি ২০ লাখ টাকা নগদ অর্থ ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় সিসিটিভি ক্যামেরার ডিভিআরও খুলে নিয়ে যায় তারা। ওই সময় বাড়িতে ইমরান, তাঁর স্ত্রী সীমা ও তাদের চার সন্তান ছিলেন।

ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করে। চারটি বিশেষ দল গঠন করা হয়। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করতে গিয়ে তদন্তকারীরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য পান।

তদন্তে জানা যায়, ইমরানের মেয়ে আরিবার সঙ্গে দীর্ঘ সাত-আট বছর ধরে অমরোহার বাসিন্দা আরশাদ ওয়ারসির প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু ভিন্ন জাতের হওয়ায় তাঁদের বিয়ে নিয়ে পরিবারে আপত্তি হতে পারে বলে আশঙ্কা ছিল। এ কারণে বিপুল পরিমাণ অর্থ নিয়ে পালিয়ে গিয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেন তারা।

পুলিশের দাবি, বাড়িতে কোথায় কত টাকা রাখা আছে, সে তথ্য আরিবা তার প্রেমিককে দিয়েছিলেন। শুধু তা–ই নয়, ডাকাতির প্রায় এক মাস আগে বাড়ির প্রধান ফটকের চাবিও আরশাদের হাতে তুলে দেন তিনি। ঘটনার রাতে ভেতর থেকে ডিজিটাল লক খুলে দিয়ে ডাকাতদের প্রবেশ সহজ করেন আরিবা।

এ ঘটনায় এখন পর্যন্ত আরিবা, আরশাদ ওয়ারসি ও তাদের আরও তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৪৭ লাখ ২৪ হাজার রুপি, চারটি দেশি পিস্তল, পাঁচটি মোবাইল ফোন এবং দুটি গাড়ি উদ্ধার করা হয়েছে। বাকি অর্থ উদ্ধারের পাশাপাশি এই ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

—জা. অর্থনীতি/এআইই