নিষিদ্ধ হয়েও পাকিস্তানে ট্রেন্ডিংয়ে শীর্ষে ‘ধুরন্ধর’

বিনোদন ডেস্ক: ভারতীয় সিনেমা মানেই যেনো রেকর্ডের ফলঝুরি। বিশ্বজুড়ে প্রায় ২০০০ কোটি রুপির ব্যবসা করে আলোচনার কেন্দ্রে রয়েছে ‘ধুরন্ধর : দ্য রিভেঞ্জ’। চলতি বছরের অন্যতম বড় বক্স অফিস সাফল্য হিসেবে ধরা হচ্ছে সিনেমাটিকে। বক্স অফিসের রেকর্ড ভেঙে সাম্প্রতিক বছরগুলোর অন্যতম সেরা ভারতীয় ব্লকবাস্টার হিসেবে সাফল্য ধরে রেখেছে রণবীর সিং অভিনীত সিনেমাটি। সিনেমাটি এখন দেখা যাচ্ছে ওটিটি, অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতেও। সেখানেও ধরে রেখেছে সাফল্যের ধারা। 

সম্প্রতি নেটফ্লিক্স পাকিস্তানে মুক্তি পায় ধুরন্ধরের এই দ্বিতীয় কিস্তি। কিন্তু দাবি করা হচ্ছে, মুক্তির কয়েক মিনিটেই স্ট্রিমিংয়ে অতিরিক্ত চাপ পড়ে যাওয়ায় প্ল্যাটফর্মটির সার্ভার ক্রাশ করেছে। বলা চলে, স্পাই থ্রিলার এই সিনেমাটি তর তর করে দেশটিতে শীর্ষস্থানে নিয়ে যাচ্ছে। 

সামাজিক মাধ্যমে এক কনটেন্ট ক্রিয়েটরের দাবি, পাকিস্তানে ধুরন্ধর মুক্তি পাওয়ার সঙ্গেই ক্রাশ হয়ে গেছে। ঠিক যখন রাত ১২ টা বাজবে, তখনই যেন সকল দর্শক অপেক্ষা করছিলেন সিনেমাটি দেখার জন্য। সত্যি বলতে, পাকিস্তানিরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলো মুক্তির জন্য। ধুরন্ধরের ক্রেজ হয়তো এখানেই। 

সেই কনটেন্ট ক্রিয়েটর আরও জানান, রণবীর সিংয়ের চরিত্রটি কী নিয়ে, তা হয়তো পাকিস্তানিরা জানেন। লিয়ারিতে (করাচির এলাকা) আসলেই তেমন কিছু ঘটেছিলো কি না, সেই সত্য-মিথ্যা বিবেচনার চেয়ে তারা সিনেমাটির নির্মাণশৈলী দেখাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। 

উল্লেখ্য, গত ১৯ মার্চ ভারতসহ বিশ্বজুড়ে মুক্তি পায় রণবীর সিং অভিনীত এই স্পাই থ্রিলারের দ্বিতীয় কিস্তি, অর্থাৎ ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। এর আগে, গত বছরের শেষের দিকে ধুরন্ধরের প্রথম কিস্তিতে ‘পাকিস্তান-বিরোধী থিম’ উঠে আসার অভিযোগে পাকিস্তানসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে সিনেমাটি নিষিদ্ধ করা হয়। অভিযোগ, পাকিস্তানকে এই ছবিতে নাকি সন্ত্রাসের সমর্থক রূপে দেখিয়েছেন পরিচালক আদিত্য ধর। 

সব মিলিয়ে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ প্রমাণ করল যে, শিল্পের আবেদন অনেক সময় ভৌগোলিক সীমানা বা রাজনৈতিক নিষেধাজ্ঞাকে ছাড়িয়ে যেতে পারে। পাকিস্তানে সিনেমাটির এই ব্যাপক জনপ্রিয়তা যেমন চলচ্চিত্র সংশ্লিষ্টদের অবাক করেছে, তেমনি এটি প্রমাণ করেছে যে রণবীর সিংয়ের বৈশ্বিক গ্রহণযোগ্যতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আপাতত পাকিস্তান ও মধ্যপ্রাচ্যে স্ট্রিমিং তালিকার শীর্ষস্থান দখল করে সিনেমাটি তার জয়যাত্রা অব্যাহত রেখেছে। 

—জা. অর্থনীতি/এনএ