নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত দিয়ে নতুন ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজ-হাসপাতাল তৈরি করতে হবে। তাহলেই আমরা এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারব।
সেই সঙ্গে তিনি জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, যারা অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়, তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।
শনিবার (২৩ মে) ময়মনসিংহের ত্রিশালে খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় সরকার। রামিসা হত্যাকাণ্ড নিয়ে কেউ কেউ পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে। অন্তর্বর্তী সরকারের সময় যাদের কথা বলতে শুনিনি, তারা এখন সোচ্চার। তারা ৫ আগস্টের বিতাড়িতদের সঙ্গে তলে তলে খাতির জমিয়েছে।
তিনি আরও বলেন, অরাজক পরিস্থিতি সৃষ্টি হলে সরকারের জনমুখী কর্মসূচি বাধাগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ। তাই যারা অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়, তাদের ব্যাপারে জনগণকে সজাগ থাকতে হবে। সঠিক বিচারকে যারা বাধাগ্রস্ত করছে, বিভ্রান্ত করছে-তাদের ব্যাপারেও সজাগ থাকতে হবে।
বিএনপির পরিকল্পনা ভেস্তে দিতে কিছু লোক ষড়যন্ত্র করছে মন্তব্য করে তারেক রহমান বলেন, জনগণ যে কোনো ষড়যন্ত্র রুখে দেবে। মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।
—জা.অর্থনীতি/এনজে
