নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান পদত্যাগ করেছেন।
রোববার (২৪ মে) ঈদের আগে শেষ কর্মদিবসে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর তিনি পদত্যাগপত্র জমা দেন।
আগের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ পদত্যাগের পর গতবছরের ২৩ জুলাই তাকে চেয়ারম্যান নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক।
এদিকে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আন্দোলনের মুখে আজ ব্যাংকটির পূর্ব নির্ধারিত পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়নি। রাজধানীর দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা হওয়ার কথা ছিল।
পর্ষদ সভায় এসে বাধ্যতামূলক ছুটিতে থাকা ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান পদত্যাগ করবেন এমন আলোচনা ছিল। এর আগে বাংলাদেশ ব্যাংকের পরামর্শে তাকে ৪৯ দিনের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়।
আগামী ৩১ মে তার ছুটি শেষ হওয়ার কথা। আজ ওমর ফারুক প্রধান কার্যালয়ের সামনে উপস্থিত হন। তবে আন্দোলনকারীরা তাকেও ঢুকতে দেয়নি।
২০১৭ সালে এসআলম গ্রুপ ব্যাংকটি দখলে নিয়ে নানা অনিয়ম জালিয়াতি করে। ২০২৪ সালের আগস্ট পরবর্তী ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে পুনর্গঠন করে দেয় বাংলাদেশ ব্যাংক।
—জা. অর্থনীতি/এনজে