পল্লবীতে ধর্ষণের পর শিশুহত্যা: দুই আসামির বিরুদ্ধে চার্জশিট
আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর শিশুহত্যার ঘটনায় করা মামলায় আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে।

রোববার (২৪ মে) পল্লবী থানার নারী ও শিশু জিআর শাখায় তদন্ত কর্মকর্তা এই চার্জশিট জমা দেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের ডিসি মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বিষয়টি নিশ্চিত করেন। বেলা ৩টা ৪০ মিনিটের দিকে তদন্ত কর্মকর্তা চার্জশিট দাখিল করেছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট আদালতে শুনানি হবে। এ মামলায় আজই অভিযোগ গঠনের শুনানি হবে এবং বিচারিক প্রক্রিয়া শুরু হবে।

এ বিষয়ে ডিএমপির মুখপাত্র উপকমিশনার এনএম নাসিরুদ্দিন বলেন, পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট দিয়েছে।

এর আগে গত বুধবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালতে জবানবন্দি দেন আসামি সোহেল রানা। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে ঢাকার আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হকের আদালত তোলা হয়। শুনানি শেষে তাকেও কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

উল্লেখ্য, গত ১৯ মে বেলা সাড়ে ১১টার দিকে পল্লবীর একটি ভবনের তিনতলার ফ্ল্যাট থেকে শিশুটির খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় মামলা করেন। হত্যাকাণ্ডের প্রধান আসামি সোহেল রানা গত বুধবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে শিশুটিকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেছেন তিনি।

পরদিন গত বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুটির পরিবারের সঙ্গে দেখা করেন। দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।

—জা. অর্থনীতি/এনজে