ঈদের ছুটিতে সাদাপাথরে পর্যটকের উপচে পড়া ভিড়
ছবি: জাতীয় অর্থনীতি

শফিক আহমদ শফি, সিলেট: পবিত্র ঈদুল আজহার ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনকেন্দ্র।

ঈদের দিন ভিড় কিছুটা কম হলেও পরদিন শুক্রবার (২৯ মে) দেখা গেছে উপচে পড়া ভিড়। মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা ঝরনার শীতল জল আর ধলাই নদীর বুকে ছড়িয়ে থাকা সাদা পাথরের সৌন্দর্যে মুগ্ধ হতে ভিড় করছেন হাজারো পর্যটক। 

সাদাপাথর পর্যটনকেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল থেকেই সাদাপাথর পর্যটনকেন্দ্রে জমে ওঠে পর্যটকের ভিড়। সিলেটে আজ প্রচণ্ড গরম থাকায় অনেকটা হাঁসফাঁস অবস্থা পর্যটকদের। গরমের মধ্যে কেউ কেউ গা ভিজিয়ে নিচ্ছেন স্বচ্ছ নীল জলে, কেউবা সেলফি তুলতে ব্যস্ত। আবার অনেকে ঘোড়ার পিঠে চড়ে ঘুরছেন। আনন্দ উপভোগের দৃশ্য স্মৃতিপটে ধারণের জন্য কেউবা ছবি তুলছেন। পর্যটকরা হইহুল্লোড়ে মাতিয়ে রেখেছেন পুরো সাদাপাথর।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন থেকেই পর্যটকদের আগমন বাড়তে শুরু করেছে সাদাপাথরে। নৌঘাট থেকে শুরু করে সাদা পাথরের মূল পয়েন্ট পর্যন্ত সবখানেই এখন মানুষের আনাগোনা। পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে আসা পর্যটকরা মেতে উঠেছেন জলকেলিতে। কেউ ছবি তুলছেন, কেউবা স্বচ্ছ নীল জলে সাঁতার কাটছেন। এই ঠাণ্ডা জলে সাঁতার কেটে নিজেদের ক্লান্তি দূর করছেন তারা। পর্যটকদের বাড়তি চাপের কথা মাথায় রেখে স্থানীয় প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নৌকার ভাড়া নির্ধারণ এবং পর্যটকদের চলাচলে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছেন স্বেচ্ছাসেবকরা। 

​চট্রগ্রাম থেকে আসা তানভীর আলম বলেন, ‌শহরের যানজট আর কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে ঈদের ছুটি কাটাতে এখানে এসেছি। পাহাড় আর পাথরের এই মিতালি সত্যিই অসাধারণ।

স্বামী আকাশ চৌধুরীকে নিয়ে ঢাকা থেকে বেড়াতে আসা কবি আলেয়া খন্দকার বলেন, সাদাপাথরের মনোমুগ্ধকর সৌন্দর্য অবলোকন করতেই তার সিলেটে আসা। সাদাপাথরের সৌন্দর্য এককথায় অপরূপ। 

সাদাপাথরের হোটেল আল বেলার মালিক লিটন মিয়া জানান, ঈদের দিন থেকে পর্যটকরা সাদাপাথরে আসা শুরু করছেন। আজকেও পর্যটকরা এসেছেন প্রচুর। দীর্ঘদিনের খরা কাটিয়ে উঠার সময় হলো ঈদ বা কোনও উৎসব। আশা করছি ছুটির বাকি দিনগুলোতেও পর্যটকদের আগমন ঘটবে। 

কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, কেউ যাতে কোন ধরণের বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য থানা পুলিশ সজাগ রয়েছে। একই সাথে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি পর্যটকদের নিরাপত্তায় সাদা পোশাকে তৎপর রয়েছে পুলিশ।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া বলেন, সাদাপাথর পর্যটন কেন্দ্রে আসা পর্যটকদের সেবা দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোথাও কোনও দুর্ঘটনা ঘটেনি। আশা করি, আগামী দিনগুলোতেও পর্যটকদের আগমন ঘটবে।

—জা. অর্থনীতি/এনজে