মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের মধ্যধুসুরিয়া গ্রামে মানসিক ভারসাম্যহীন এক মেয়ের বটির কোপে রেজিয়া বেগম (৯৫) নামে এক বৃদ্ধা খুন হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
নিহত রেজিয়া বেগম মধ্যধুসুরিয়া গ্রামের মৃত সোবহানের স্ত্রী। অভিযুক্ত রোকেয়া বেগম মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া এলাকার মৃত মালেকের স্ত্রী। স্থানীয়দের ভাষ্যমতে, স্বামীর মৃত্যুর পর থেকেই রোকেয়া মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। ঘটনার পর অভিযুক্ত মেয়ে রোকেয়া বেগমকে (৬০) আটক করেছে পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, সকালে ঘরের ভেতরে থাকা বটি দিয়ে রোকেয়া বেগম তার মা রেজিয়া বেগমকে কুপিয়ে হত্যা করেন। পরে তিনি তার বড় ভাইয়ের ছেলে রাসেলকে ডেকে জানান যে তার দাদি মারা গেছেন এবং পুলিশ ডাকতে বলেন। বিষয়টি জানাজানি হলে প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে খাটের ওপর রক্তাক্ত অবস্থায় রেজিয়া বেগমের মরদেহ দেখতে পান।
ওসি মুহাম্মদ আফজাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মেয়েকে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
—জা. অর্থনীতি/এলএটি
