নারায়ণগঞ্জ (সোনারগাঁও) প্রতিনিধি: দেশব্যাপী পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ শীর্ষক কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) কক্সবাজারের ডুলাহাজারা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর উদ্বোধনের সঙ্গে সঙ্গতি রেখে নারায়ণগঞ্জ জেলাসহ জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়।
এ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলার মূল আয়োজন অনুষ্ঠিত হয় সোনারগাঁও উপজেলার পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে।
উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. রায়হান কবির।
তিনি জেলার সর্বস্তরের জনগণকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান এবং এ কর্মসূচিকে সফল করতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, সোনারগাঁও উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), সংশ্লিষ্ট বন বিভাগের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ।
অনুষ্ঠানে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। বক্তারা বলেন, দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। সরকারের এ উদ্যোগ দেশের সবুজায়ন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে একই কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ জেলা সদরেও পৃথকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সরকারের ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে পরিবেশবান্ধব ও সবুজ বাংলাদেশ গঠনে নতুন মাত্রা যুক্ত হবে।
উল্লেখ্য, ২০২৬-২৭ অর্থবছরের জন্য কর্মসূচির আওতায় ২৫ হাজার ৯৬০ হেক্টর ব্লক বাগানে ৪ কোটি ২৮ লাখ ৯৭ হাজার চারা, ৩ হাজার ৭২৭ কিলোমিটার স্ট্রিপ বাগানে ৩৭ লাখ ২৭ হাজার চারা এবং ৪ হাজার হেক্টর ম্যানগ্রোভ বাগানে ১ কোটি ৭৭ লাখ ৭৬ হাজার চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বসতবাড়ি বনায়নের জন্য আরও ৫৬ লাখ চারা বিতরণ ও রোপণের পরিকল্পনা রয়েছে।
—জা.অর্থনীতি/এনজে
