হাইল হাওরে জেলের জালে বিশাল অজগর
জাতীয় অর্থনীতি

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া হাইল হাওরে মাছ ধরতে গিয়ে জেলেদের জালে একটি বিশাল অজগর (বার্মিজ পাইথন) সাপ ধরা পড়েছে। পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এই তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় বরাত দিয়ে বনকর্মকর্তা জানান, সোমবার (১৫ জুন) সকাল ১০টার দিকে ভাড়াউড়া হাইল হাওরে নবীন ও জাবেদ নামের দুই ব্যক্তি মাছ ধরতে যান। জাল ফেলার পর হঠাৎ জালের মধ্যে বিশাল আকৃতির সাপটি দেখতে পেয়ে তারা ভয়ে জাল ফেলেই ঘটনাস্থল ত্যাগ করেন। পরে বিষয়টি সাবেক ইউপি চেয়ারম্যান সোনা মিয়ার নাতি কয়েছকে জানানো হলে, তিনি দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে ছুটে যান।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক বলেন, "ঘটনাস্থলে গিয়ে দেখি এটি একটি বার্মিজ পাইথন, যা স্থানীয়ভাবে অজগর নামে পরিচিত। জালে আটকে সাপটি বেশ দুর্বল হয়ে পড়েছিল। দীর্ঘ এক ঘণ্টার সতর্ক প্রচেষ্টায় কোনো ক্ষতি না করে সাপটিকে অক্ষত উদ্ধার করতে সক্ষম হই।"

উদ্ধারের পর অজগর সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, সাপটির স্বাস্থ্য পরীক্ষা শেষে দ্রুত লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।

বন্যপ্রাণী বিশেষজ্ঞরা জানান, হাইল হাওর সংলগ্ন এলাকায় অজগরের বিচরণ রয়েছে এবং খাদ্যের সন্ধানে বা বর্ষার পানিতে এগুলো লোকালয়ে চলে আসতে পারে। সাপ দেখে আতঙ্কিত হয়ে না মেরে বন বিভাগ বা বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেওয়ার জন্য তারা সাধারণ মানুষকে অনুরোধ জানিয়েছেন।

—জা. অর্থনীতি/এলএটি