জরিমানা ছাড়াই ইউএইতে ভিসা বৈধের সুযোগ, মিলবে ৩০ দিন সময়

আন্তর্জাতিক ডেস্ক: আঞ্চলিক অস্থিরতার কারণে নির্ধারিত সময়ে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ত্যাগ করতে না পেরে বিপাকে পড়া হাজারো বিদেশির জন্য স্বস্তির খবর দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ওভারস্টে জরিমানা ছাড়াই ভিসা ও আবাসিক অবস্থার বৈধতা নিশ্চিত করা অথবা দেশ ত্যাগের সুযোগ দিয়ে ৩০ দিনের বিশেষ গ্রেস পিরিয়ড ঘোষণা করেছে ইউএই।

দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি) জানিয়েছে, ২০২৬ সালের ১০ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত এ বিশেষ সুবিধা কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিরা কোনো জরিমানা ছাড়াই তাদের ভিসা বা আবাসিক অবস্থার বৈধতা নিশ্চিত করতে পারবেন কিংবা স্বাভাবিক প্রক্রিয়ায় দেশ ত্যাগ করতে পারবেন।

এই সুবিধা মূলত তাদের জন্য প্রযোজ্য, যারা আঞ্চলিক পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে ইউএই ছাড়তে না পারায় এর আগে ওভারস্টে জরিমানা থেকে অব্যাহতি পেয়েছিলেন। আইসিপি জানিয়েছে, অঞ্চলজুড়ে পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল হওয়ায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বৈধভাবে দেশটিতে বসবাস ও কাজের সুযোগ অব্যাহত রাখতে অথবা স্বাভাবিক নিয়মে ফিরে যেতে সহায়তা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ আরও জানায়, এর আগে ওভারস্টে জরিমানা মওকুফের সিদ্ধান্ত ছিল জরুরি ও ব্যতিক্রমী পরিস্থিতিতে আটকে পড়া ভ্রমণকারী ও দর্শনার্থীদের সহায়তা করার একটি মানবিক পদক্ষেপ। তবে বর্তমানে অঞ্চলে স্থিতিশীলতা ফিরে আসায় সেই বিশেষ পরিস্থিতি আর বিদ্যমান নেই বলে মনে করছে সংস্থাটি।

আইসিপি জানিয়েছে, এই সুবিধা পেতে সংশ্লিষ্টদের কোনো অতিরিক্ত প্রাথমিক আবেদন বা বিশেষ পদক্ষেপ নিতে হবে না। যারা ইউএইতে অবস্থান অব্যাহত রাখতে চান, তারা গ্রেস পিরিয়ডের মধ্যে প্রচলিত নিয়ম অনুযায়ী আবাসন বা কর্মসংস্থানের অবস্থা পরিবর্তন করতে পারবেন। আর যারা দেশ ছাড়তে চান, তারা বিদ্যমান প্রক্রিয়া অনুসরণ করেই সরাসরি চলে যেতে পারবেন।

সংশ্লিষ্টদের সর্বশেষ নির্দেশনা ও তথ্য জানতে সরকারি মাধ্যম অনুসরণ করার আহ্বান জানিয়েছে আইসিপি।

উল্লেখ্য, গত মার্চে ভিসাধারী, এক্সিট পারমিটধারী এবং বাতিল হওয়া আবাসিক ভিসাধারীদের ওভারস্টে জরিমানা থেকে অব্যাহতি দেয় ইউএই কর্তৃপক্ষ। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে আকাশসীমা বন্ধ ও ফ্লাইট স্থগিত থাকায় তারা দেশ ছাড়তে পারেননি। অনাকাঙ্ক্ষিত আর্থিক চাপ এড়াতেই সে সময় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

সূত্র: গালফ নিউজ

—জা. অর্থনীতি/এআইই