মাগুরায় স্বামীর মারধরে গৃহবধূর মৃত্যু
ফাইল ছবি

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলায় বিচালি (খড়) কাটাকে কেন্দ্র করে স্বামীর মারধরের শিকার হয়ে সামেলা বেগম (৫৪) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত স্বামী সাহেব আলী জোয়ার্দারকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার সব্দালপুর ইউনিয়নের কাজলী গ্রামের মুচিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত সামেলা বেগম ওই গ্রামের আব্দুল মোতালেব জোয়ার্দারের ছেলে সাহেব আলী জোয়ার্দারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ঘরের বিচালি সংক্রান্ত একটি তুচ্ছ বিষয় নিয়ে স্বামী সাহেব আলীর সঙ্গে স্ত্রী সামেলা বেগমের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সাহেব আলী উত্তেজিত হয়ে স্ত্রীকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে শুরু করেন। মারধরের চোটে সামেলা বেগম ঘরের চৌকি থেকে নিচে ছিটকে পড়ে যান এবং গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের অন্য সদস্যরা তাঁকে উদ্ধার করে দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (দারিয়াপুর) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সামেলা বেগমকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী সাহেব আলী জোয়ার্দারকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়েরসহ পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

—জা. অর্থনীতি/এলএটি