মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার ধলা মাঠ এলাকায় অভিযান চালিয়ে সাড়ে সাত ফুট লম্বা এবং প্রায় ৪ কেজি ওজনের একটি গাঁজা গাছ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ঘটনার সাথে জড়িত এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি প্রদীপ কুমার সানা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বুধবার (২৪ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার ধলা মাঠ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন— ধলা গ্রামের জমিরউদ্দীন মন্ডলের ছেলে সাব্দুদ মন্ডল।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, তথ্য নির্ভর সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি প্রদীপ কুমার সানার নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) আলি রাজ এবং ডিবির একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে ধলা ক্যাম্পের পুলিশ সদস্যরাও সার্বিক সহযোগিতা প্রদান করেন। এ সময় সাড়ে সাত ফুট (৯১ ইঞ্চি) লম্বা ও আনুমানিক ৪ কেজি ওজনের একটি গাঁজা গাছ জব্দসহ সাব্দুদ মন্ডলকে হাতেনাতে আটক করা হয়। মাদকের বিরুদ্ধে ডিবির এমন নিয়মিত অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
ডিবি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হবে।
—জা. অর্থনীতি/এলএটি
