লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে তার দায়ের কোপে দুই পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে এক এসআইয়ের অবস্থা আশঙ্কাজনক। লালমনিরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান সত্যতা নিশ্চিত করেছেন।
শুক্রবার (২৬ জুন) রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ কর্মকর্তারা হলেন— হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল লতিফ।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, চুরিসহ বিভিন্ন অপরাধের মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদুল ইসলাম ওরফে রাশেদ চোরকে গ্রেপ্তার করতে তার বাড়িতে যৌথ অভিযান চালান এসআই রুহুল ও এএসআই লতিফ। এ সময় আসামি রাশেদুল গ্রেপ্তার এড়াতে ধারালো দা দিয়ে দুই পুলিশ কর্মকর্তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। এতে এসআই রুহুলের হাতের কব্জিসহ শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত তৈরি হয়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় এসআই রুহুল আমিনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় শনিবার সকালে তাকে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে (ডক্টরস ক্লিনিক) ভর্তি করে অস্ত্রোপচার করা হয়।
পুলিশ সুপার জানান, ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে দুই কর্মকর্তা আহত হয়েছেন। রুহুলের অবস্থা গুরুতর হওয়ায় ডক্টরস ক্লিনিকে তার অপারেশন করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে তাদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেওয়া হচ্ছে। এই হামলায় জড়িত আসামিকে আইনের আওতায় আনতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
—জা. অর্থনীতি/এলএটি