ঢাকার দুই সিটির ৫ হাজার ৫৫৬ কেন্দ্রে ভিটামিন এ ক্যাম্পেইন শুরু
ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মোট ৫ হাজার ৫৫৬ কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন শুরু হয়েছে। যেখানে ডিএনসিসি আওতাধীন এলাকায় স্থায়ী ও অস্থায়ী মোট ৩ হাজার ৭৯৬টি এবং ডিএসসিসির এলাকার ১ হাজার ৭৬০টি কেন্দ্রে এ ক্যাম্পেইন আরও দুই দিন চলবে। 

ডিএসসিসি এলাকায় প্রায় ৬ লক্ষ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। দুই সিটি করপোরেশন সূত্রে এসব তথ্য জানা গেছে।  

ডিএসসিসি জানিয়েছে, রোববার (২৮ জুন) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া ‘জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৬’ রাজধানীর ধানমন্ডিস্থ কাকলি হাইস্কুল অ্যান্ড কলেজে শিশুদের খাওয়ানোর মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রশাসক মো. আবদুস সালাম।

এবারের ক্যাম্পেইনে ডিএসসিসি এলাকায় মোট ৫ লাখ ৯০ হাজার ৫৩৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ১ লাখ ৩৫ হাজার ৬০৬ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল, ১২-৫৯ মাস বয়সী ৪ লাখ ৫৪ হাজার ৯৩২ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডিএসসিসি এলাকার ১ হাজার ৭৬০টি কেন্দ্রে একযোগে এই কার্যক্রম চলে। মাঠপর্যায়ে কর্মসূচি সফল করতে প্রায় ৩ হাজার ৬৫৪ জন স্বেচ্ছাসেবক এবং ১৫০ জন সুপারভাইজার নিয়োজিত রয়েছেন বলে জানিয়েছে ডিএসসিসি। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, ‘আজকের ছোট সোনামণিরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের সুস্থ ও রোগমুক্ত রাখতে সময়মতো টিকাদান ও ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ নিশ্চিত করতে হবে। অসুস্থ হয়ে চিকিৎসা নেওয়ার চেয়ে অসুস্থতা প্রতিরোধে আগাম ব্যবস্থা নেওয়াই বুদ্ধিমানের কাজ।’

তিনি শিশু-কিশোরদের অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের কুফল সম্পর্কে সতর্ক করে বলেন, অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘ সময় মোবাইল ব্যবহারের ফলে নতুন প্রজন্মের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সৃজনশীল কাজ এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান। 

অন্যদিকে এদিন বনানীর করাইল এরশাদ মাঠে আয়োজিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি জানান, ডিএনসিসি আওতাধীন ১০টি অঞ্চলের ৫৪টি ওয়ার্ডে মোট ১ হাজার ৯০৫টি এবং অস্থায়ীভাবে ১ হাজার ৮৯১ টি কেন্দ্রের মাধ্যমে এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

প্রশাসক আরও জানান, সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় উপজেলায় শহরে পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে আমাদের প্রতিটি সন্তানরা যাতে এ প্লাস গ্রহণ করতে পারে সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। ডিএনসিসির পক্ষ থেকে সকল শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। 

তিনি বলেন, আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে হাম-রুবেলা টিকা কার্যক্রমে যেভাবে সফলতা অর্জন করেছি, তেমনি অন্যান্য সেবা কার্যক্রম ও জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সফলতা অর্জন করব। 

এ সময় প্রশাসক নগরবাসীকে বর্ষা মৌসুমে ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ছাদ-বাগান, বাসা -বাড়ি ও আঙ্গিনাসহ অন্যান্য স্থানে জমে থাকা পানি পরিষ্কার করার আহ্বান জানান।

—জা.অর্থনীতি/এনজে