ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় শিক্ষার্থীদের জন্য আরও আরামদায়ক ও পাঠদান উপযোগী পরিবেশ নিশ্চিত করতে ভালুকা পৌরসভার উদ্যোগে ভালুকা সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ৬টি সিলিং ফ্যান প্রদান করা হয়েছে।
সোমবার (২৯ জুন) দুপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ফ্যানগুলো হস্তান্তর করা হয়। ফ্যান হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন।
অনুষ্ঠানে যোগ দিয়ে মো. ইকবাল হোসাইন বিদ্যালয়ের সার্বিক পরিবেশ পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে উপযোগী পরিবেশ সৃষ্টির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের যেকোনো প্রয়োজনীয় উন্নয়নে ভালুকা পৌরসভার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এই ফ্যান হস্তান্তরের মাধ্যমে শ্রেণিকক্ষগুলোতে কোমলমতি শিক্ষার্থীদের জন্য অপেক্ষাকৃত স্বস্তিদায়ক পরিবেশ তৈরি হবে। বিশেষ করে গ্রীষ্মকালীন তীব্র তাপপ্রবাহের সময় শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে বসে পাঠগ্রহণে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন শিক্ষকরা।
বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা পৌরসভার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
পৌরসভা সংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের মৌলিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ভালুকা পৌরসভা বিভিন্ন সময়ে এমন প্রয়োজনভিত্তিক সহায়তা দিয়ে আসছে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়মুখী করতে এবং পাঠগ্রহণে মনোযোগ বাড়াতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
—জা. অর্থনীতি/এলএটি
