সিলেট প্রতিনিধি: অগ্রাধিকার প্রকল্প হিসেবে দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সিলেট জেলায় ২০ লক্ষ বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা প্রশাসন। এই লক্ষ্যমাত্রা অর্জনে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের অংশ হিসেবে জেলা প্রশাসনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি।
এরই ধারাবাহিকতায়, গত ৩০ জুন (মঙ্গলবার) জেলাব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রমের অংশ হিসেবে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে সিলেট জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা হস্তান্তর করা হয়।
কোম্পানীগঞ্জ উপজেলায় আয়োজিত চারা হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোহাম্মদ রবিন মিয়া আনুষ্ঠানিকভাবে ৩,০০০টি গাছের চারা গ্রহণ করেন। সংশ্লিষ্টরা জানান, পরিবেশ সুরক্ষায় ব্র্যাকের এই উদ্যোগের আওতায় এ পর্যন্ত জেলায় মোট ১৭,০০০ গাছের চারা বিতরণ করা হয়েছে।
চারা হস্তান্তর অনুষ্ঠানে ব্র্যাকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন— সিলেট বিডিসি জনাব মো. আরিফ, মাইক্রোফাইন্যান্স (দাবি) আঞ্চলিক ব্যবস্থাপক জনাব হাসান আল মনসুর, এরিয়া ম্যানেজার (প্রগতি) জনাব নিপেশ, এবিডিসি (আরএইউ) জনাব মো. জসিম উদ্দিনসহ ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির স্থানীয় প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা আশা প্রকাশ করেন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের এমন সমন্বিত সামাজিক উদ্যোগ সিলেট জেলার বৃক্ষরোপণ লক্ষ্যমাত্রা অর্জনে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
—জা. অর্থনীতি/এলএটি
