নিজস্ব প্রতিবেদক: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত উত্তরাঞ্চলের মানুষ বন্যা, খরা ও নদীভাঙনের স্থায়ী সমাধান পাবে না।
তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা এখন সময়ের দাবি এবং এটি বাস্তবায়নে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ।
বৃহস্পতিবার (২ জুলাই) লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট, রাজপুর ও খুনিয়াগাছ ইউনিয়নের পানিবন্দী মানুষের মাঝে জরুরি ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ত্রাণমন্ত্রী বলেন, সম্প্রতি তার চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সহযোগিতা কামনা করা হয়েছে। একই সঙ্গে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর তিস্তা বিষয়ে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার একটি দেশপ্রেমিক জাতীয়তাবাদী সরকার এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি তার সূচিত ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ আন্দোলনের বার্তা উত্তরাঞ্চলের প্রতিটি প্রান্তে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
এ সময় তিনি বলেন, তিস্তা বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের জীবন, জীবিকা ও অর্থনীতির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত একটি আন্তঃসীমান্ত নদী। এটি শুধু একটি নদী নয়; কৃষি উৎপাদন, মৎস্যসম্পদ, পরিবেশগত ভারসাম্য, জীববৈচিত্র্য এবং আঞ্চলিক উন্নয়নের অন্যতম ভিত্তি।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
—জা.অর্থনীতি/এনজে