আবারও ঊর্ধ্বমুখী ব্রয়লার মুরগি ও চালের দাম

অনলাইন ডেস্ক: আবারও ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজার । সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে ব্রয়লার মুরগির দাম। চাল ও মাছের বাজারও ক্রেতাদের নাগালের বাইরে। তবে এই অস্থিরতার মধ্যেও কিছুটা স্বস্তি মিলেছে সবজি ও ডিমের বাজারে।

শনিবার (৪ জুলাই) রাজধানীর নিউমার্কেট, কারওয়ান বাজারসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে বাজারের এই চিত্র জানা গেছে।

সরবরাহ কমে যাওয়ার কারণেই বাজারে ব্রয়লার মুরগির দাম বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকায়, যা গত সপ্তাহের তুলনায় ২০-৩০ টাকা বেশি। অন্যদিকে, সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৩৪০ টাকা কেজি দরে।

নিউমার্কেটের মুরগি বিক্রেতা মো. হারুন বলেন, সরবরাহের ওপরই ব্রয়লারের দাম নির্ভর করে। বাজারে এখন সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। 

তবে বাজারে গরুর মাংসের দামে কোনো পরিবর্তন দেখা যায়নি, প্রতি কেজি গরুর মাংস আগের মতোই ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। মুরগির বাজারের পাশাপাশি চালের দামও ক্রেতাদের অস্বস্তিতে ফেলেছে। গত এক মাসে বিভিন্ন ধরনের চালের দাম কেজিপ্রতি ২ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে।

বর্তমান বাজারের চালের দরদাম: মিনিকেট ৬৮-৭২ টাকা কেজি, নাজিরশাইল ৭৫-৮৫ টাকা, বিআর-২৮ (মাঝারি): ৫৮-৬২ টাকা, পোলাওয়ের চাল পাইকারিতে ১৭২ টাকা এবং খুচরা বাজারে ১৮০ টাকা।

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, গত এক মাসে সরু চালের দাম ১.২৯ শতাংশ, মাঝারি চালের ২.৫ শতাংশ এবং মোটা চালের দাম ২.৭০ শতাংশ বেড়েছে।

রাজধানী ঢাকার মতই একই চিত্র দেশের বিভিন্ন বাজারে। রাজশাহীর বাজারে সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০ টাকা বেড়েছে পোলট্রি মুরগির দাম। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৬৫ থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ১৪৫-১৫০ টাকা। গত সপ্তাহে সোনালি মুরগি ২২০-২৩০ টাকায় বিক্রি হলেও এ সপ্তাহে তা বিক্রি হচ্ছে ২৫০ টাকায়। দেশি মুরগির দাম ৫৫০ থেকে ৬০০ টাকা।

বাজারে প্রতি হালি দেশি মুরগির ডিম ৫৫ টাকা, হাঁসের ডিম ৫৫ টাকা, ফার্মের মুরগির লাল ডিম ৩৪ থেকে ৩৬ টাকা এবং সাদা ডিম ৩২ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া গত সপ্তাহের তুলনায় ১০-১৫ টাকা বেড়ে প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকায়। পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকায় এবং আলু বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকায়। এছাড়াও মিনিকেট চাল ৭২ টাকা এবং আটাশ চালের দাম বর্তমানে ৫২ থেকে ৫৪ টাকা।

জা.অর্থনীতি/এসআই