ভেনিজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৬৪৫

আন্তর্জাতিক ডেস্ক: ভেনিজুয়েলায় আঘাত হানা ভয়াবহ জোড়া ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। নতুন সরকারি হিসাব অনুযায়ী, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৬৪৫ জনে। এই বিপর্যয়ে আহত হয়েছেন ১২,৬০০ জনেরও বেশি মানুষ।

গত ২৪ জুন আঘাত হানা ৭.২ এবং ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প দুটিতে রাজধানী কারাকাসের উত্তরাঞ্চলীয় উপকূলীয় এলাকা লা গুয়াইরার বেশ কিছু বহুতল আবাসিক ভবন ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে এখনো হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে উদ্ধারকাজ এবং ত্রাণ বিতরণে সরকারের ধীরগতির কারণে দেশজুড়ে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে সরকারের বিরুদ্ধে ওঠা এই নিষ্ক্রিয়তার অভিযোগ জোরালোভাবে প্রত্যাখ্যান করেছেন ভেনিজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।

ভূমিকম্পের পর প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ডেলসি রদ্রিগেজ বলেন, এটি এমন এক প্রাকৃতিক বিপর্যয় যার ভয়াবহতা আমাদের কল্পনার বাইরে ছিল, যদিও আমরা জানতাম যে দেশে যেকোনো সময় ভূমিকম্প হতে পারে। তবে আমরা হাত গুটিয়ে বসে থাকিনি বা এক-দুই দিন দেরি করিনি। আমরা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়েছি।

বিপর্যয়ের পর থেকেই ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকাজে হাত বাড়িয়েছেন সাধারণ নাগরিক, জীবিত উদ্ধার হওয়া ব্যক্তি, নিখোঁজদের স্বজন, স্বেচ্ছাসেবী প্যারামেডিক এবং আন্তর্জাতিক উদ্ধারকারী দল। তবে উদ্ধারকর্মী ও আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর অভিযোগ-সরকারের সমন্বয়হীনতার কারণে খাবার ও জরুরি চিকিৎসা সামগ্রী পৌঁছাতে বিলম্ব হচ্ছে। এছাড়া ধসে পড়া কংক্রিটের ভারী স্ল্যাব সরানোর জন্য প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতির তীব্র সংকট রয়েছে, যা উদ্ধারকাজকে ব্যাহত করছে।

সূত্র: আনাদোলু

জা.অর্থনীতি/এসআই