শ্রীলঙ্কার কারাগারে মাদক চক্রের সংঘর্ষ, নিহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কার একটি কারাগারে মাদক চক্রের দুটি প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ২৬ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৭ জন কারারক্ষী রয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। দেশটির ইতিহাসে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটিকে সবচেয়ে ভয়াবহ ও প্রাণঘাতী কারা দাঙ্গা বলে অভিহিত করেছেন কর্মকর্তারা।

সোমবার (৬ জুলাই) পুলিশ জানায়, রাজধানী কলম্বোর উত্তরে অবস্থিত নেগোম্বো কারাগারে রাতভর এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের অধিকাংশেরই শরীরে ধারালো অস্ত্রের আঘাত ও গুলির চিহ্ন রয়েছে। ঘটনার পর পরই তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নেগোম্বো সরকারি হাসপাতালের পরিচালক পুষ্পা গামলাত বার্তা সংস্থা এএফপি-কে জানান, হাসপাতালে ২৩টি মরদেহ আনা হয়েছে। এ ছাড়া শতাধিক আহত বন্দী ও কারারক্ষী চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের শরীরে গুলির ক্ষত এবং মারাত্মক জখম রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ১৮ জনকে কলম্বো ন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পরবর্তীতে দেশটির বিচারমন্ত্রী হর্ষন নানায়াক্কারা আরও ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে মোট নিহতের সংখ্যা ২৬ জনে পৌঁছানোর কথা জানান।

শ্রীলঙ্কা বিচারমন্ত্রী হর্ষন নানায়াক্কারা বলেন, তারা কয়েদি নাকি অপরাধ জগতের সদস্য-এই মুহূর্তে তা আমাদের কাছে বিবেচ্য নয়। মানুষ মারা গেছে, এবং এটি অত্যন্ত শোকাবহ। এমন ঘটনা কোনোভাবেই ঘটা উচিত ছিল না।

কর্মকর্তাদের মতে, গত রবিবার (৫ জুলাই) সন্ধ্যায় কয়েক হাজার বন্দী ধারণক্ষমতার এই কারাগারে সংঘর্ষের সূত্রপাত হয়। ভেতরে মারামারির খবর ছড়িয়ে পড়লে কারাগারের পার্শ্ববর্তী অংশে থাকা নারী বন্দীরা ছাদে উঠে তাদের মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন। পুলিশ জানায়, একপর্যায়ে ছাদের একটি অংশ ধসে পড়লে বেশ কয়েকজন নারী বন্দী আহত হন।

সোমবার সকালে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশ জানিয়েছে, বন্দীরা কারারক্ষীদের কাছ থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়েছিল। সকালে পরিস্থিতি শান্ত করতে গিয়ে বন্দীদের হামলায় ৭ জন কারারক্ষী নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারাগারের চারপাশে বিমান বাহিনীর ড্রোন এবং হেলিকপ্টার দিয়ে নজরদারি চালানো হয়। বাইরে নিখোঁজ ও আহত বন্দীদের স্বজনরা ভিড় করে বিক্ষোভ প্রদর্শন করেন।

ভয়াবহ এই ঘটনা তদন্তে দেশটির সরকার সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

জা.অর্থনীতি/এসআই