আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনার মধ্যে ইরানে রাতভর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ ঘটনার পর মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে বিমান হামলার সতর্কসংকেত (সাইরেন) বেজে উঠেছে। বুধবার (৮ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, দেশটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করা হয়েছে। যেকোনো হামলা মোকাবিলায় সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে। নাগরিকদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা জানিয়েছে, দেশজুড়ে বিমান হামলার সতর্কসংকেত সক্রিয় করা হয়েছে। দেশটির সেনাবাহিনী বলেছে, শোনা যাওয়া বিস্ফোরণের শব্দগুলো হামলা প্রতিহত করার সময় সৃষ্টি হয়েছে।
এদিকে বাহরাইনেও বিমান হামলার সাইরেন বেজে উঠেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনগণকে শান্ত থাকার এবং নিরাপদ স্থানে অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছে।
ইরানের সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার জবাব দেওয়া হবে। হরমুজ প্রণালিতে ওয়াশিংটনের হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও সতর্ক করেছে তেহরান।
এর আগে ইরানি সংবাদমাধ্যম জানিয়েছিল, দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের সিরিক কাউন্টি ও কেশম দ্বীপের কাছে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আইআরআইবি জানিয়েছে, সিরিকের মৎস্য ও বাণিজ্যিক বন্দরে হামলায় কয়েকজন আহত হয়েছেন।
সূত্র: আল জাজিরা
জা.অর্থনীতি/এসআই