চাটমোহরে ভ্যানচালককে গলা কেটে হত্যা
ছবি: জাতীয় অর্থনীতি

পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহরে নাছের আলী (৫০) নামের এক ভ্যানচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে। সহকারী পুলিশ সুপার নাসের মুন্সী এই তথ্য নিশ্চিত করেন। 

বুধবার (৮ জুলাই) রাতে উপজেলার বোয়াইলমারী কবরস্থানের পাশে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নাছের আলী চাটমোহরের হরিপুর ইউনিয়নের আগশোয়াইল টলটলিপাড়া গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে ভ্যানে যাত্রী নিয়ে চাটমোহর উপজেলার ছাইকোলার দিকে গিয়েছিলেন নাছের। সেখান থেকে চাটমোহরে ফেরার পথে রাত ১১টার দিকে বোয়াইলমারী কবরস্থানের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা তার পথরোধ করে। এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত ও গলা কেটে পালিয়ে যায়। আহত নাছের রক্তাক্ত অবস্থায় দৌঁড়ে পার্শ্ববর্তী সবুজের বাড়ির দরজায় ধাক্কাধাক্কি করেন এবং সেখানেই লুটিয়ে পড়ে মারা যান।

সহকারী পুলিশ সুপার জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিচয় সনাক্ত করার পর স্বজনদের খবর দেওয়া হলে তারা এসে মরদেহ নিশ্চিত করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে নিহতের অটোভ্যানটি জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, ভ্যান গাড়ির চাবি নাছের আলীর হাতেই ছিল। আহত অবস্থায় তিনি দৌড়ে পার্শ্ববর্তী বাড়িতে চলে যাওয়ায় দুর্বৃত্তরা ভ্যানটি নিতে পারেনি। তবে এই হত্যার পেছনে আরো কোনো কারণ আছে কি না সেটি খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের সনাক্ত করতে পুলিশ ইতিমধেই কাজ শুরু করেছে।

—জা. অর্থনীতি/এলএটি