জেলা পরিষদের দেড় কোটি টাকার ভূমি উদ্ধার
ছবি: জাতীয় অর্থনীতি

সিলেট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বাজারে জেলা পরিষদের মালিকানাধীন বেদখল হয়ে যাওয়া প্রায় দেড় কোটি টাকা মূল্যের ৩০ শতক ভূমি উদ্ধার করা হয়েছে। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় ম্যাজিস্ট্রোরিয়াল দায়িত্ব পালন করেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি)।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান সূত্রে জানা গেছে, সালুটিকর মৌজার ওই মূল্যবান জমিটি লিজ ছাড়াই দীর্ঘদিন ধরে অবৈধ দখলে রেখে দোকানপাট ও সিএনজি-পিকআপ স্ট্যান্ড গড়ে তোলা হয়েছিল। অভিযানে অবৈধভাবে নির্মিত ৭টি দোকান এবং দুটি স্ট্যান্ড উচ্ছেদ করে জমিটি সম্পূর্ণ অবমুক্ত করা হয় এবং জেলা পরিষদের নিজস্ব দখলে নিয়ে কাঁটাতারের বেড়া দেওয়া হয়।

জেলা পরিষদ প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম জানান, উদ্ধারকৃত এই ভূমিতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে একটি আধুনিক "কৃষক বাজার" ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারি সম্পদ রক্ষায় অবৈধ দখলের বিরুদ্ধে জেলা পরিষদের এ ধরনের উচ্ছেদ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

—জা. অর্থনীতি/এলএটি