বরিশাল প্রতিনিধি: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সোমবার (১৩ জুলাই) বরিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরকে ঘিরে বরিশালসহ সমগ্র দক্ষিণাঞ্চলে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলা ও মহানগরজুড়ে শেষ হয়েছে ব্যাপক প্রস্তুতি, স্বাগত র্যালি ও সাংগঠনিক সভাসহ বিভিন্ন কর্মসূচি। দীর্ঘদিনের উন্নয়ন-প্রত্যাশী দক্ষিণাঞ্চলবাসীর নজর এখন প্রধানমন্ত্রীর এ সফরের দিকে।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকালে সড়কপথে বরিশালে পৌঁছে গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। পরে বরিশাল নগরীতে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন। বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে একটি সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয়দের প্রত্যাশা, এই সফরের মাধ্যমে দক্ষিণাঞ্চলের নদী ও খাল পুনরুদ্ধার, জলাবদ্ধতা নিরসন এবং কর্মসংস্থান সৃষ্টিতে নতুন গতি আসবে। বিশেষ করে ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ, বরিশালে রেল সংযোগ এবং ভোলা-বরিশাল সেতু নির্মাণের মতো মেগা প্রকল্পগুলোর বিষয়ে ইতিবাচক ঘোষণা আসতে পারে।
বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, "প্রধানমন্ত্রী হওয়ার পর এটি তারেক রহমানের প্রথম বরিশাল সফর। বরিশালবাসী তাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।"
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, "প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে গৌরনদী থেকে বরিশাল নগর পর্যন্ত প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।"
বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ জানান, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নিরাপত্তা, যানবাহন চলাচল ও সফরের সব আনুষ্ঠানিকতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।
—জা. অর্থনীতি/এলএটি
