১০০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

অর্থনীতি ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের জেরে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে আবারও ১০০ ডলার ছাড়িয়ে গেছে। গত মে মাসের পর এবারই প্রথম তেলের দাম ১০০ ডলার পার হলো। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় অপরিশোধিত ব্রেন্ট ক্রুড অয়েলের দাম এক লাফে ৬ শতাংশ বেড়ে গেছে।  

বিশ্লেষকদের মতে, ইরানের ওপর মার্কিন সামরিক হামলা তীব্র হওয়ায় বেশ কয়েক দিন ধরেই ধারাবাহিকভাবে বাড়ছিল জ্বালানি তেলের দাম। এরই মধ্যে ইয়েমেনের হুথি গোষ্ঠী লোহিত সাগরে সৌদি আরবের তেলের ট্যাংকারে হামলা চালানোর পর তেলের এমন মূল্যবৃদ্ধি দেখা গেল।

একই সঙ্গে প্রাকৃতিক গ্যাসের দামও বাড়ছে। যুক্তরাজ্যে গ্যাসের বেঞ্চমার্ক মূল্য বর্তমানে প্রতি থার্মে প্রায় ১৫০ পেন্স, যা জুনের শেষ দিকে ছিল প্রায় ৯৮ পেন্স।

এদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান কেভিন ওয়ার্শ কংগ্রেসে বলেছেন, মূল্যস্ফীতি দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে থাকাকে কোনোভাবেই মেনে নেওয়া হবে না। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে মূল্যস্ফীতির ঝুঁকি বাড়লেও মূল্যস্থিতি ফিরিয়ে আনতে ফেড প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান।

যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঋণের সুদহার কমানোর পক্ষে অবস্থান নিয়েছেন, তবুও গত মাসে কেভিন ওয়ার্শের নেতৃত্বে অনুষ্ঠিত প্রথম বৈঠকে ফেড সুদের হার ৩ দশমিক ৫ থেকে ৩ দশমিক ৭৫ শতাংশের মধ্যে অপরিবর্তিত রাখে।

—জা. অর্থনীতি/এএইচএ