নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী সীমান্তে অভিযান চালিয়ে ৩২১ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। বিজিবির দাবি, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সোমবার (২৭ জুলাই) রাতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের একপর্যায়ে পরিত্যক্ত অবস্থায় ৩২১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৮১ হাজার ৫০০ টাকা।
৫২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি
তবে স্থানীয়দের অভিযোগ, সীমান্ত এলাকায় প্রায়ই মাদক ও চোরাই পণ্য জব্দের ঘটনা ঘটলেও অধিকাংশ ক্ষেত্রে চোরাকারবারীদের আটক করা সম্ভব হয় না। কখনো কেউ গ্রেপ্তার হলেও তারা মূলত বাহক হিসেবে কাজ করেন। এর ফলে চোরাচালান চক্রের মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে বলে মনে করছেন অনেকেই। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও আলোচনা রয়েছে।
ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির ২৪ ঘণ্টার টহল ও নজরদারি অব্যাহত রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে।
—জা. অর্থনীতি/এলএটি
