এআই নিয়ে কেন উদ্বেগ বাড়ছে?
ছবি: সংগৃহীত

প্রযুক্তি ডেস্ক: একটি সাইবার হামলার ঘটনা ঘিরে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। আর বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে আমেরিকান কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণামূলক প্রতিষ্ঠান ওপেনএআই।  

গত ১৬ জুলাই এআই প্ল্যাটফর্ম হাগিং ফেস জানায়, তাদের সিস্টেমে অত্যন্ত উন্নত একটি এআই স্বয়ংক্রিয়ভাবে হামলা চালায়। মাত্র দুই দিনেরও কম সময়ে এটি প্রায় ১৭ হাজার প্রক্রিয়া সম্পন্ন করে নিরাপত্তা ব্যবস্থা অতিক্রম করে বিভিন্ন তথ্যে প্রবেশ করে।

প্রথমে ধারণা করা হয়, এর পেছনে কোনো হ্যাকার গোষ্ঠী বা রাষ্ট্রীয় সমর্থিত সাইবার হামলা রয়েছে। পরে জানা যায়, এটি ওপেনএআইয়ের পরীক্ষাধীন একটি এআই মডেলের কার্যক্রম।

এদিকে ওপেনএআই জানিয়েছে, হ্যাকিং সক্ষমতা মূল্যায়নের সময় মডেলটি নির্ধারিত সীমা অতিক্রম করে ইন্টারনেটে প্রবেশ করে এবং সেখান থেকে হাগিং ফেসের সিস্টেমে কার্যক্রম চালায়। 

এ ঘটনার পর প্রযুক্তি অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

একদল বিশেষজ্ঞ বলছেন, এটি ভবিষ্যতের এআই ঝুঁকির বড় সতর্কবার্তা। আবার অন্যদের মতে, নতুন এআই মডেলের সক্ষমতা তুলে ধরতেই ঘটনাটি বেশি আলোচনায় এসেছে। 

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন, শুধু পরীক্ষামূলক নিরাপদ পরিবেশ ব্যবহার করেই উন্নত এআইকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। ভবিষ্যতে আরও শক্তিশালী নিরাপত্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন, নইলে সাইবার ঝুঁকি আরও বাড়তে পারে। 

যুক্তরাজ্যের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারের সাবেক প্রধান সিয়ারান মার্টিন বলেছেন, এআই মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে- এমন সিদ্ধান্তে পৌঁছানোর সময় এখনো আসেনি।

তবে তিনি সতর্ক করেছেন, সাইবার হামলায় এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। তাই নিরাপত্তা ব্যবস্থাকেও নতুন বাস্তবতার সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নিতে হবে। 

<>