নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১ হাজার ৬০ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১১২ টাকার বাজেট ঘোষণা করেছেন প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান। নাসিকের ইতিহাসে এটিই সর্বোচ্চ বাজেট এবং এটি সিটি কর্পোরেশনের ১৫তম বাজেট।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১১টায় নগরভবনের অডিটোরিয়ামে আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রশাসক আনুষ্ঠানিকভাবে এ বাজেট উপস্থাপন করেন। গত অর্থবছরে নাসিকের বাজেটের পরিমাণ ছিল ৭০৪ কোটি ৬১ লাখ টাকা।
বাজেট বক্তব্যে এড. সাখাওয়াত হোসেন খান বলেন, নাগরিক দুর্ভোগ কমানো এবং সেবার মানোন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। বিশেষ করে সুপেয় পানির সরবরাহ বৃদ্ধি, মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার, খাল খনন ও পুনরুদ্ধারের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট খাতে অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া নাগরিক সেবার মান আরও উন্নত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতেও বাড়তি অর্থ বরাদ্দের প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রস্তাবিত বাজেটে মোট ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে প্রায় ৯০০ কোটি টাকা। ফলে বাজেটে উল্লেখযোগ্য পরিমাণ উদ্বৃত্ত রাখার পরিকল্পনা করা হয়েছে। বাজেট বাস্তবায়নের প্রধান উৎস হিসেবে ধরা হয়েছে নাসিকের নিজস্ব রাজস্ব আয়। পাশাপাশি পানি সরবরাহ খাতের আয়, সরকারি উন্নয়ন সহায়তা, বৈদেশিক সহায়তাপুষ্ট প্রকল্প এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে প্রাপ্ত অর্থও অর্থায়নের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচনা করা হয়েছে।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর দলীয় নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান নাসিকের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের প্রায় ছয় মাস পর এটি তার প্রথম বাজেট ঘোষণা।
অনুষ্ঠানে নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সচিব নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসেন, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হেমায়েত হোসেন এবং নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মঈনুল ইসলাম।
—জা. অর্থনীতি/এনজে