বিএসইসিতে প্রশাসনিক ক্ষমতা বিকেন্দ্রীকরণের সিদ্ধান্ত

জাতীয় অর্থনীতি ডেস্ক: পুঁজিবাজারের কার্যক্রম আরও গতিশীল, কার্যকর ও স্বচ্ছ করতে প্রশাসনিক ক্ষমতা বিকেন্দ্রীকরণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই উদ্যোগের অংশ হিসেবে সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রতা কমাতে সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালকদের দায়িত্ব ও কার্যকর ভূমিকা বাড়ানো হয়েছে।

বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান–এর স্বাক্ষরিত এক আদেশে নতুন এ ব্যবস্থা চালুর কথা জানানো হয়।

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯–এর ২০(এ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা এ আদেশে বলা হয়েছে, এখন থেকে শেয়ারবাজার-সংশ্লিষ্ট অধিকাংশ আবেদন, প্রতিবেদন, বিবরণী, চিঠিপত্র এবং অন্যান্য নিয়মিত ও অনিয়মিত নথি সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রধান অর্থাৎ নির্বাহী পরিচালকের দৃষ্টি আকর্ষণ করে দাখিল করতে হবে।

কমিশন জানিয়েছে, শেয়ারবাজারের উন্নয়ন, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারসংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের বিষয় দ্রুত, দক্ষ, সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে নিষ্পত্তির লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

—জা.অর্থনীতি/আরএস