আর দেশে ফেরার সুযোগ নেই সাকিবের: ক্রীড়া প্রতিমন্ত্রী

স্পোর্টস ডেস্ক: ২০২৪ সালে ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে  পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি তিনি প্রথমবারের মতো লাইভে গণমাধ্যমের প্রশ্নের উত্তর দিয়েছেন। সেই সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। যা নিয়ে তিনি তোপের মুখে পড়েন। তার রেশ না কাটতেই এবার শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান বলে জানিয়েছেন সাকিব।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার বলেছেন, সরকার যদি তার নিরাপত্তার নিশ্চয়তা দেয়, তাহলে তিনি দুই বছরের নির্বাসন ভেঙে দেশে ফেরা, নিজের বিরুদ্ধে আনা হত্যা মামলাসহ সব অভিযোগের বিচার মোকাবিলা করতে এবং বিদায়ী সিরিজ খেলতে প্রস্তুত।

তবে বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সাকিবের দেশে ফেরা এবং জাতীয় দলে খেলা সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন।

আরও পড়ুন: শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব

শুক্রবার (৭ আগস্ট) ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে তিনি বলেছেন, সাকিবের দেশে ফিরে জাতীয় দলের হয়ে খেলার কোনো সুযোগ দেখছেন না। আমিনুল বলেন, ‘তার (সাকিবের) দেশে ফিরে খেলার কোনো সুযোগ নেই।’

সাকিবের রাজনৈতিক পরিচয়ই এখন তার দেশে ফেরার পথে বাধা বলে মনে করেন আমিনুল, ‘একজন ক্রিকেটার হিসেবে যে অবস্থানে তিনি ছিলেন, সেখান থেকে সরে গিয়ে যখন রাজনৈতিক পরিচয় বেছে নিয়েছেন, তখন আমার মনে হয় না তার দেশে ফিরে আসার কোনো সুযোগ আছে। দেশে ফিরলে তাকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।’

যদিও এতদিন সাকিবের বিষয়টি ক্রিকেটার হিসেবে বিবেচনা করেছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী, ‘একজন খেলোয়াড় হিসেবে আমি এবং অন্য সবাই তার বিষয়টি নিয়ে অনেক সহনশীল ছিলাম। কিন্তু এখন তার ফেরার জন্য কোনো ব্যবস্থা করার সুযোগ আছে বলে মনে করি না। তিনি স্বৈরাচারদের মঞ্চে উঠে তাদের সঙ্গে দাঁড়িয়েছেন। তাই তার দেশে ফিরে জাতীয় দলের হয়ে খেলার কোনো সুযোগ নেই।’

এর আগে ফেব্রুয়ারিতে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর আমিনুল বলেছিলেন, ‘যেহেতু তাদের (সাকিব-মাশরাফি) বিরুদ্ধে মামলা আছে, সেটাকে দ্রুত সমাধানের মাধ্যমে আমিও চাই সাকিব–মাশরাফিরা যেন আবার বাংলাদেশের ক্রিকেটে ফিরে আসতে পারে। আমরা এই জায়গাটাকে অত্যন্ত নমনীয় ও সহনশীলভাবে প্রাধান্য দিতে চাই।’

—জা.অর্থনীতি/আরএস