নিজস্ব প্রতিবেদক: অভিনেত্রী সোহানা সাবা আবারও বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। তবে বিয়ের সুনির্দিষ্ট তারিখ প্রকাশ করতে চাননি তিনি। জানিয়েছেন, দেড় বছরেরও বেশি সময় আগে পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ব্যক্তিগত জীবন আড়ালে রাখার পর সম্প্রতি নিজের নতুন সংসারের কথা প্রকাশ্যে আনেন এই অভিনেত্রী।
শুরুতে স্বামীর পরিচয় প্রকাশ করতে না চাইলেও একপর্যায়ে তাঁর নাম ‘ফয়সাল’ বলে জানান সোহানা সাবা। পরে খোঁজ নিয়ে জানা যায়, তাঁর পুরো নাম ফয়সাল সামাদ। তিনি দেশের রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের সঙ্গে যুক্ত একজন ব্যবসায়ী।
ফয়সাল সামাদ সাভারটেক্স গ্রুপ ও সুরমা গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সঙ্গেও দীর্ঘদিন ধরে যুক্ত তিনি। বিভিন্ন সময়ে সংগঠনটির পরিচালনা পর্ষদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
২০২৩ সালের বিজিএমইএ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকেন্দ্রিক জোট ফোরামের প্যানেল লিডার হিসেবেও ফয়সাল সামাদের নাম ঘোষণা করা হয়েছিল। এর আগে আনিসুল হক, আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ ও রুবানা হকের নেতৃত্বাধীন বিজিএমইএর পরিচালনা পর্ষদে তিনি সহসভাপতির দায়িত্ব পালন করেছেন।
ব্যবসায়িক অঙ্গনে দীর্ঘদিনের পরিচিত মুখ ফয়সাল সামাদ পোশাকশিল্পের বিভিন্ন বিষয়ে সক্রিয়। ২০২৫ সালেও পোশাকশিল্পের বাণিজ্যিক চ্যালেঞ্জ নিয়ে বিজিএমইএর পরিচালক হিসেবে তাঁর বক্তব্য সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
জানা গেছে, সোহানা সাবার সঙ্গে ফয়সাল সামাদের সম্পর্কও বেশ পুরোনো। অভিনেত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, বিয়ের আগে তাঁদের মধ্যে প্রায় সাড়ে পাঁচ বছরের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের পরিণতিতেই বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। দেড় বছরের বেশি সময় আগে পারিবারিক আয়োজনে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বিয়ের খবর প্রকাশ্যে এলেও সোহানা সাবা তাঁর ব্যক্তিগত জীবনের সব তথ্য প্রকাশ করতে চাননি। বিশেষ করে বিয়ের দিন-তারিখ ও স্বামীর ব্যক্তিগত পরিচয় নিয়ে তিনি বিস্তারিত জানাতে অনাগ্রহী ছিলেন।
সোহানা সাবার এটি দ্বিতীয় বিয়ে। এর আগে নির্মাতা মুরাদ পারভেজের সঙ্গে প্রায় এক দশক সংসার করেছেন তিনি। তাঁদের সংসারে একটি সন্তান রয়েছে। পরবর্তীতে তাঁদের বিচ্ছেদ হয়।
অন্যদিকে ব্যবসায়ী মহলে খোঁজ নিয়ে জানা গেছে, ফয়সাল সামাদও আগে বিবাহিত ছিলেন। সে হিসেবে সোহানা সাবা ও ফয়সাল সামাদ—দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। দীর্ঘদিন সম্পর্ক ও বিয়ের খবর ব্যক্তিগত রাখার পর অবশেষে সোহানা সাবার নতুন জীবনের খবর প্রকাশ্যে এসেছে।
—জা. অর্থনীতি/এএইচএ